মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০১৯ ইং
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে সমীকরণ প্রতিবেদন: ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ প্রতিপাদ্যে সারা দেশে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শিশু একাডেমীর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। মেহেরপুর: মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ প্রতিপাদ্যে গতকাল সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এস এম সফিউল আজমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মে. তৌফিকুর রহমান প্রমুখ। ঝিনাইদহ: ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ স্লোগানে ঝিনাইদহে শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। জেলা শিশু একাডেমীর আয়োজনে গতকাল সোমবার সকালে একাডেমী চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল ও সহকারী শিক্ষা কর্মকর্তা তসলিমা খাতুন। এ ছাড়া শিশুবক্তা প্রিয়ন্তী আক্তার তুলি, আসিফুজ্জামান আলিফসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা শিশুর মানসিক বিকাশে পরিবার থেকে শুরু করে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান