ঋণগ্রস্ত হয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
- আপলোড তারিখঃ
০২-১০-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
ঋণের বোঝা থেকে রেহাই পেতে রুমা (২৬) নামের এক তালাকপ্রাপ্তা নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। রুমা এলাকার মৃত মসলেম আলীর মেয়ে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় কিছু দোকানির কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন রুমা। দোকানিরা তাঁদের পাওনা টাকা ফেরত পেতে দীর্ঘদিন ধরে রুমাকে চাপ দিতে থাকেন। গতকালও তাঁরা পাওনা টাকার জন্য চাপ দিলে সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে বিষপান করেন রুমা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে রুমাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা অশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। এদিকে, স্থানীয় লোকজন জানান, অনৈতিক কার্যকলাপসহ এলাকায় রুমার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান মো. ওয়াহেদ রাজু জানান, ‘রুমার অবস্থা আশঙ্কাজনক। আমরা তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।’
কমেন্ট বক্স