৪ কোটি ৬ লাখ শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে
- আপলোড তারিখঃ
০২-১০-২০১৯
ইং
দামুড়হুদা, জীবননগর ও মেহেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা, জীবননগর ও মেহেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকভাবে বিভিন্ন বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীদের এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজলো নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকি সালাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা, নাসির উদ্দিন ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থতি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জামাত আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাহেব আলী প্রমুখ। সপ্তাহব্যাপী পুরো উপজেলার ৫-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী শিশুদের একটি করে কৃমি নিয়ন্ত্রণ বড়ি খাওয়ানো হবে। উল্লেখ্য, এবার দামুড়হুদা উপজেলায় ৩০৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৩০৩ জন শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানো হবে।
জীবননগর:
জীবননগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশিক্ষার্থীদের কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানোর মধ্যে দিয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, শিক্ষক মোমিন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান।
মেহেরপুর:
মেহেরপুরে ২১তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিনা মূল্যে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ কোটি ৬ লাখ শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়াবে। এ কার্যক্রম চলবে ৭ অক্টোবর পর্যন্ত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর শহরের এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিভিল সার্জন (উপপরিচালক) ডা. শামীম আরা নাজনীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২১তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দীন, ডা. ফয়সাল কবীর, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াছিন আলী শামিম প্রমুখ।
কমেন্ট বক্স