নতিপোতা ও জুড়ানপুর ইউনিয়ন ফাইনালে
- আপলোড তারিখঃ
১৪-০৯-২০১৯
ইং
দামুড়হুদায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
রোকনুজ্জামান রোকন:
দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নতিপোতা ইউনিয়ন বনাম কুড়ুলগাছি ইউনিয়ন এবং জুড়ানপুর ইউনিয়ন বনাম কার্পাসডাঙ্গা ইউনিয়নের মধ্যে খেলা দুটি অনুষ্ঠিত হয়। পৃথক দুটি খেলায় নতিপোতা ও জুড়ানপুর ইউনিয়ন জয়লাভ করে। বেলা তিনটায় নতিপোতা বনাম কুড়ুলগাছি ইউনিয়নের খেলা শুরু হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। ফলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নতিপোতা ইউনিয়ন দল ৩-২ গোলে কুড়ুলগাছি ইউনিয়ন দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিকেল সাড়ে চারটায় অপর ম্যাচে জুড়ানপুর ইউনিয়ন বনাম কার্পাসডাঙ্গা ইউনিয়নের মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে জুড়ানপুর ৩-১ গোলে কার্পাসডাঙ্গা ইউনিয়ন দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। খেলা পরিচালনা করেন সুবাস, সৈয়দ মাসুদুর রহমান ও সাঈদ হোসেন। খেলার তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু এ খেলা উপভোগ করেন। আজ শনিবার জুড়ানপুর ইউনিয়ন বনাম নতিপোতা ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
কমেন্ট বক্স