খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে
- আপলোড তারিখঃ
০৭-০৯-২০১৯
ইং
দুর্লভপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে অতিরিক্ত এসপি আবুল বাশার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কুমারি ইউনিয়নের দুর্লভপুরে মরহুম মনোয়ার মজিদ স্মৃতি সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। শরীর সুস্থ থাকলে মেধার বিকাশ ঘটানো সম্ভব। তোমরা বিকেলবেলা অন্য কোথাও না ঘুরে মাঠে এসে খেলাধুলা করলে মন প্রফুল্ল থাকবে।’
ইকরামুল হক ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিন্টু। এ ছাড়াও উপস্থিত ছিলেন দুর্লভপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. ওহিম উদ্দিন, লুৎফর রহমান, রফিকুল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। টুর্নামেন্টটি আয়োজন করেন পিয়াল মাহমুদ সাদ্দাম, রানা আহমেদ, রাকিবুল ও ইয়ামিন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কালিদাসপুর নবজাগরণ ক্লাব ও দুর্লভপুর ইয়ং স্পোর্টিং ক্লাব। খেলায় কালিদাসপুর নবজাগরণ ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে দুর্লভপুর ইয়ং স্পোর্টিং ক্লাব।
কমেন্ট বক্স