আমি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ
- আপলোড তারিখঃ
০৬-০৯-২০১৯
ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের চা-চক্রে বিদায়ী এসপি মাহবুবুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেছেন, ‘এ জেলায় সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি বলেই আইনশৃঙ্খলার উন্নয়ন সম্ভব হয়েছে। চুয়াডাঙ্গায় যোগদান করার পর যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা ও সাধারণ মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি এলাকার মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি রোধসহ সন্ত্রাসীদের নির্মূল করার চেষ্টা করেছি। চুয়াডাঙ্গার সাংবাদিকেরা আমাকে সব ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ।’
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে প্রেসক্লাবের মিলনায়তনে এক চা-চক্র অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার তাঁর বক্তব্যে এসব কথা বলেন।
চা-চক্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার। অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মাহতাব উদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে দি নিউনেশন পত্রিকার প্রতিনিধি মিজানুল হক মিজান ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের পক্ষ থেকে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মাহফুজ উদ্দীন খানের নেতৃত্বে চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। এরপর দি ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি এম আলাউদ্দীন ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বক্তব্য দেন।
বিদায়ী অতিথি পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘পুলিশিং কার্যক্রম সঠিকভাবে পত্রিকায় প্রকাশিত হওয়ায় আমি পিপিএম পদক পেয়েছি। এ কারণে এ পদক আমি চুয়াডাঙ্গাবাসীকে উৎসর্গ করলাম।’
চা-চক্র অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)।
কমেন্ট বক্স