বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে ভারত যাচ্ছে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০১৯ ইং
ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে ভারত যাচ্ছে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি
এস এম শাফায়েত: ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টসহ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রদর্শনী ম্যাচে অংশ নিতে ভারত যাচ্ছেন চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমির খেলোয়াড়েরা। ২৮ আগস্ট দর্শনা সীমান্তের জয়নগর চেকপোস্ট হয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হবেন ফিউচার ফুটবল একাডেমির পরিচালক মাহমুদুল হক লিটনের নেতৃত্বাধীন ১৫ সদস্যের একটি দল। জানা যায়, ২৯ আগস্ট ভারতবর্ষের জাতীয় ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে পশ্চিমবঙ্গের রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের মাঠে প্রদর্শনী ম্যাচে অংশ নেবে ফিউচার ফুটবল একাডেমি। তাদের প্রতিপক্ষ রানাঘাট ফ্রেন্ডস ক্লাব একাদশ। ২৯ আগস্ট ভারতীয় হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন। এ দিনটিকে ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে উদ্যাপন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ফিউচার ফুটবল একাডেমি ও রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের মধ্যকার প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রদর্শনী ম্যাচ ও পরবর্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে আহ্বান করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার ও কোচ এবং চুয়াডাঙ্গার কৃতী সন্তান মাহমুদুল হক লিটনকে। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ভারতের জনপ্রিয় রঞ্জি ট্রফি খেলোয়াড় তথা অনূর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মন্দিপন দাস ও অপর রঞ্জি ট্রফি খেলোয়াড় শ্রী অর্ণব নন্দী। এ ছাড়াও পহেলা সেপ্টেম্বর ভারতের কুচবিহারের মেখলিগঞ্জের এন এন এম ফুটবল মাঠে ভারত, নেপালসহ ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন ফিউচার ফুটবল একাডেমির খেলোয়াড়েরা। এ দিন বিকেলে দত্ত নারায়ণ স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের অ্যাপেক্স-কালিম্পং একাদশের মুখোমুখি হবে বাংলাদেশের ফিউচার ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গা। এরপর ৩ সেপ্টেম্বর নেপালের ঝাপা ইলেভেনের সঙ্গে আসামের গোর্খা ব্রাদার্স একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। নকআউটভিত্তিক এ দুটি ম্যাচের বিজয়ীরা ৫ সেপ্টেম্বর চূড়ান্ত অর্থাৎ ফাইনাল ম্যাচের মুখোমুখি হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান