টাকা না দেওয়ায় বৃদ্ধা মাকে নির্যাতন!
- আপলোড তারিখঃ
২১-০৮-২০১৯
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
জমি বিক্রয়ের ৩০ হাজার টাকা না দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধা মাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদী গ্রামে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা ফুলবগাদী গ্রামের মৃত সারোয়ার হোসেনের স্ত্রী। তিনি বর্তমানে রামনগর গ্রামের জামাতা কওসর আলীর বাড়িতে অবস্থান করছেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের ফুলবগাদী গ্রামের বৃদ্ধা মর্জিনার স্বামী ১০ বছর পূর্বে মারা যান। পাঁচ মেয়ে ও চার ছেলে রেখে স্বামী মারা যাওয়ার পর স্বামীর ভিটাজমিতে সেজো ছেলে মজনুর রহমান ও ছোট ছেলে সামসুল হকের সঙ্গে বসবাস করে আসছিলেন মর্জিনা খাতুন। এক মাস আগে মর্জিনা খাতুন তাঁর চিকিৎসা ও অন্যান্য খরচের জন্য ফুলবগাদী পশ্চিমপাড়ার মাঠে দেড় কাঠা জমি ৩০ হাজার টাকায় বিক্রয় করেন। এ ৩০ হাজার টাকা নেওয়ার জন্য সেজো ছেলে মজনুর রহমান ও ছোট ছেলে সামসুল হক মায়ের ওপর নির্যাতন শুরু করেন। এরই সূত্র ধরে গতকাল মঙ্গলবার সকালে দুই ছেলে তাঁদের মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি রামনগর গ্রামের জামাতা কওসর আলীর বাড়িতে অবস্থান করছেন।
ওই বৃদ্ধা জানান, তাঁর সেজো ছেলে দিনমজুর ও ছোট ছেলে তালতলা হাজরাহাটি মসজিদের ইমাম। স্বামী মারা যাওয়ার পর থেকে তাঁর কোনো দেখাশোনা করেন না তাঁরা। ভাতার টাকা ও মেয়েদের সাহায্যে তিনি দিন পার করেন। জমি বিক্রয়ের টাকার জন্য বিভিন্ন সময় তাঁর ছেলেরা তাঁকে নির্যাতন করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে তিনি জানান।
কমেন্ট বক্স