স্বাধীনতার পর কেউ কথা রাখেনি, যুগ যুগ ধরে দুর্ভোগ
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০১৯
ইং
দামুড়হুদার হাতিভাঙ্গা-ছাতিয়ানতলা সড়কটি এখনো কাঁচা, নির্মাণ হয়নি ভৈরব ব্রিজ
নিজস্ব প্রতিবেদক:
দেশ স্বাধীনের পর থেকে কেউ কথা রাখেনি দামুড়হুদার হাতিভাঙ্গা-ছাতিয়ানতলাসহ এই এলাকার পাঁচ গ্রামের মানুষের। এ এলাকার মানুষের দুঃখ মাত্র দেড় কিলোমিটার কাঁচা সড়কটি ও ছাতিয়ানতলা-হাতিভাঙ্গা ভৈরব নদীর ওপর ব্রিজ না থাকা। বিকল্প কোনো সড়ক না থাকায় যুগ যুগ ধরে চরম দুর্ভোগের মধ্য দিয়ে ছাতিয়ানতলা, হাতিভাঙ্গা ও মুক্তারপুর গ্রামের মানুষদের চলাচল করতে হয়। সংশ্লিষ্ট বিভাগ ও জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসীর দাবি, এলাকার মানুষের চরম দুর্ভোগ থেকে মুক্তি দিতে অবিলম্বে ছাতিয়ানতলা-মুক্তারপুর সড়ক নির্মাণ ও ছাতিয়ানতলা-হাতিভাঙ্গা ভৈরব নদীতে ব্রিজ নির্মাণ করা।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর স্বপ্ন, দেশের প্রতিটি গ্রাম হবে শহর। অথচ দামুড়হুদা উপজেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে হাতিভাঙ্গা-ছাতিয়ানতলা গ্রাম। এ ছাড়া এই এলাকার কানাইডাঙ্গা, চারুলিয়া, হেমায়েতপুরসহ ৫টি গ্রামের প্রায় ২০ হাজারের বেশি মানুষের সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম মুক্তারপুর-হাতিভাঙ্গা-ছাতিয়ানতলা সড়ক। প্রায় চার কিলোমিটার পাকা-আধা পাকা ও কাঁচা এই সড়ক বর্ষার সময় কাদাজলে ভরে যায়। পাকা সড়কের শতকরা ৭৫ শতাংশে পিচ-খোয়া উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যার ফলে ছোট-বড় যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। এ ছাড়া মুমূর্ষু রোগীদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হলে সড়কের বেহাল দশার কারণে রোগীদের জীবন-মরণ যুদ্ধ করতে হয়।
কৃষিপ্রধান এ জনপদের মানুষ যুগ যুগ ধরে এলাকার যোগযোগব্যবস্থাসহ সব ক্ষেত্রে উন্নয়নের স্বপ্ন দেখে আসছে জনপ্রতিনিধিদের মাধ্যমে। যদিও এ উপজেলার প্রায় প্রতিটি গ্রামের সড়কগুলি কাঁচা থেকে পাকা-আধাপাকায় রূপ নিয়েছে, কিন্তু সে তুলনায় দেশ স্বাধীনের প্রায় ৪৭ বছর পার হয়ে গেলেও দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর-হাতিভাঙ্গা-ছাতিয়ানতলা সড়কটি যুগ যুগ ধরে অবহেলিত রয়েছে। সড়কের যে অংশ পাকা-আধা পাকা রয়েছে, তাও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন আগে পিচ করা প্রায় দুই কিলোমিটার সড়কের অনেক অংশে পিচ উঠে মাটি বেরিয়ে গেছে, কোথাও কোথাও ভরে গেছে কাদাজলে। বিশেষ করে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি, হাতিভাঙ্গা-ছাতিয়ানতলা সড়ক ও ভৈরব নদীর ওপর ব্রিজ নির্মাণের।
এ বিষয়ে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম শিল্টন জানান, অতি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যক হলেও মুক্তারপুর, হাতিভাঙ্গা ও ছাতিয়ানতলা এলাকার সড়ক নির্মাণ করা হচ্ছে না। এ কারণে মানুষের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে হলে জনগুরুত্বপূর্ণ সড়কটি ও ব্রিজ নির্মাণ করা জরুরি বলে মনে করেন তিনি। এলাকাবাসী আরও জানান, সড়ক ও ভৈরব ব্রিজটি নির্মাণ করা হলে এলাকার মানুষ একদিকে যেমন যোগাযোগের ক্ষেত্রে সুবিধা পাবে, অপর দিকে এলাকার উন্নয়ন কাজে আসবে নতুন গতি।
কমেন্ট বক্স