এতিমখানার রান্নাঘরে ঝগড়া, প্রথম শ্রেণির ছাত্রকে কুপিয়ে মারল নবম শ্রেণির ছাত্র!
- আপলোড তারিখঃ
০৪-০৮-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাসারুপাড়া ইঞ্জিনিয়ার নুরুল আমিন এতিমখানার আবাসিক ছাত্র মো. সাদকে (৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ওই এতিমখানার রান্নাঘরে এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্র এতিমখানাটির হেফজ শাখার প্রথম শ্রেণির ছাত্র। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই এতিমখানার হেফজ শাখার নবম শ্রেণির ছাত্র মো. আবু রায়হানকে (১৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। নিহত শিশু সাদ জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। আটক আবু রায়হান সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা গ্রামের খলিলুর রহমানের ছেলে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, তারা দু’জন কাসারুপাড়া ইঞ্জিনিয়ার নুরুল আমিন এতিমখানার আসাবিক ছাত্র। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই এতিমখানার রান্নাঘরে তাদের দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে আবু রায়হান ধারালো দা দিয়ে সাদের মাথায় আঘাত করে। এতে সাদ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পর আবু রায়হান দৌড়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আবু রায়হানকে আটক করে। পরে নিহত সাদের লাশ উদ্ধার করে তদন্তকেন্দ্রে নিয়ে যায়। নরুন্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল বারী বলেন, তাৎক্ষণিকভাবে এ হত্যাকা-ের প্রকৃত কারণ জানা যায়নি। আটক আবু রায়হানকে জিজ্ঞাবাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহত সাদের লাশ কাল রবিবার সকালে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
কমেন্ট বক্স