মুজিবনগরে ৬ দফা দাবিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
০১-০৮-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদক:
সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উষ্কানি, ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ মেহেরপুর জেলা শাখা। গতকাল বুধবার বেলা ১১টায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জসেব উদ্দীন।
জসেব উদ্দীন তাঁর লিখিত বক্তব্যে বলেন, গ্রামগঞ্জে ওয়াজ মাহফিল করে, মসজিদের খুতবায় হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচারকারী, হুমকি প্রদানকারী ফতোয়াবাজদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অনলাইনে আমাদেরকে যারা জীবননাশসহ ক্ষয়-ক্ষতি সাধনের হুমকি দিচ্ছেন, তাঁদের গ্রেপ্তার করে দ্রুত আইসিটি আইনের আওতায় আনতে হবে। দেশ ও জাতির স্বার্থে ধর্মব্যবসা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদ, ধর্ম নিয়ে অপরাজনীতি, মাদক ইত্যাদির বিরুদ্ধে দেশব্যাপী হেযবুত তওহীদের প্রচারকার্যে কোনো ধর্ম ব্যবসায়ী বা গোষ্ঠী যেন বাধা প্রদান করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে। যেভাবে আমাকে এবং আমাদের সদস্যদেরকে প্রাণনাশ ও আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হচ্ছে, তাতে আমরা আশঙ্কা করছি, আমরা যেকোনো জায়গায় যেকোনো স্থানে আক্রান্ত হতে পারি। এমতাবস্থায় আমাকে ও আমার সদস্যদেরকে জানমালের নিরাপত্তা দেওয়ার দাবি জানাচ্ছি। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা মুক্ত একটি সমাজ বিনির্মাণে আমরা নিঃস্বার্থভাবে কোনো রাজনৈতিক অভিসন্ধিহীন যে আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছি, তার গুরুত্ব অনুধাবন করে আমাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানাচ্ছি। অবিলম্বে সব ওয়াজ মাহফিলে, মসজিদের খুতবায় ও ধর্মীয় সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার ও উষ্কানি বন্ধের নির্দেশ প্রদান করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাহারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সভাপতি মো. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. স্বপন আলীসহ মেহেরপুর জেলা হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মুন্সি ওমর ফারুক, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শেখ শফিউদ্দিন আলম, মো. সোহাগ রানা. মেহেরপুরের চোখ-এর উপজেলা প্রতিনিধি মো. অন্তর আলী প্রমুখ।
কমেন্ট বক্স