সেবার জন্য মানুষকে সরকারি অফিসে দৌড়াতে হবে না
- আপলোড তারিখঃ
০১-০৮-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় কল সেন্টার ৩৩৩-এর ব্যবহারবিষয়ক সেমিনারে ডিসি গোপাল চন্দ্র দাস
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় কল সেন্টার ৩৩৩-এর ব্যবহারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের মূল উদ্দেশ্য ছিল সরকারি সেবা যাতে প্রান্তিক পর্যায়ের মানুষজনও পেতে পারে। সে জন্যই সরকার ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার গড়ে তুলেছে, থ্রি-জি এবং ফোর-জি চালু করেছে। দেশের মানুষকে আর সেবার জন্য সরকারি অফিসে দৌড়াতে হবে না। সেবাই তাদের হাতের মুঠোয় চলে যাবে। এখন আমাদের টার্গেট হলো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করা।’ এ সময় তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় সব দপ্তরের সেবার মান আরও উন্নত করার জন্য জেলা প্রশাসন থেকে একই কোডের সিম দেওয়া হবে। কর্মকর্তারা বদলি হয়ে গেলেও এ সিম দপ্তরে থেকে যাবে, ফলে নম্বর পরির্বতন হবে না। সাধারণ মানুষ এতে করে সরকারি সেবা আরও দ্রুত পাবে। এ সময় তিনি আগামী উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ সিম প্রদানের ঘোষণা দেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। কল সেন্টার ৩৩৩-এর ব্যবহারবিষয়ক প্রেজেন্টেশন তুলে ধরেন সহকারী কমিশনার খায়রুল ইসলাম।
কমেন্ট বক্স