মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মস্তিষ্কের গঠন ও লেখাপড়ায় ছবি আঁকা গুরুত্বপূর্ণ অবদান রাখে

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০১৯ ইং
মস্তিষ্কের গঠন ও লেখাপড়ায় ছবি আঁকা গুরুত্বপূর্ণ অবদান রাখে
চুয়াডাঙ্গায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রখ্যাত চিত্রশিল্পী ড. কাজী মোজাম্মেল হোসেন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে খেলাঘর জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশন হলে (সাহিত্য পরিষদ চত্বরে) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার চেয়ারপারসন ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. কাজী মোজাম্মেল হোসেন। প্রতিযোগিতা শেষে খেলাঘরের শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে শিশুহত্যা, শিশুনির্যাতন, শিশুধর্ষণ, পাঠ্যবইসহ সর্বস্তরে সাম্প্রদায়িকতা, নিপীড়নমূলক শিক্ষা, ছুটির দিনে লেখাপড়া, সহিংসতায় শিশুর ব্যবহার, খেলার মাঠ ও শহীদ মিনারবিহীন বিদ্যালয়, বাল্যবিবাহ, খাদ্যে ভেজাল, মাদক ও মুক্তি সংগ্রামের ইতিহাস বিকৃতকরণের প্রতিবাদে সাহিত্য পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু চিত্রশিল্পী অংশগ্রহণ করে। ৪টি গ্রুপ থেকে ২০ জনকে বাছাই করে নেওয়া হয়, যারা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণকারী সব প্রতিযোগীকেই সনদ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলাঘর চুয়াডাঙ্গার আহ্বায়ক হামিদুল হক মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার চেয়ারপারসন ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. কাজী মোজাম্মেল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছবির মধ্য দিয়ে যে কেবলমাত্র একজন শিশু বা শিক্ষার্থীর মানসিকতার সন্ধান পাওয়া যায় এমন নয়, মস্তিষ্কের গঠন, এমনকি লেখাপড়ার বিভিন্ন বিষয়ে এ ছবি আঁকা গুরুত্বপূর্ণ অবদান রাখে। ওয়েস্ট ভার্জিনিয়ায় দেখা গেছে, যেসব শিশু ছবি আঁকার সঙ্গে যত বেশি জড়িত, তারা তত বেশি আচরণের দিক থেকে সাবলীল। আরও দেখা গেছে, ক্যালিফোর্নিয়ার যেসব তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা একটি বিশেষ আর্ট প্রোগ্রামে অংশ নিয়েছে, পরবর্তীতে সেসব শিশুদের পঠন ক্ষমতার উন্নতি হয়েছে অন্য শিশুদের চাইতে অনেক বেশি। কাজেই আর্ট বা ছবি আঁকা গুরুত্বপূর্ণ। ছবি আঁকার মধ্য দিয়ে শিশুরা ভাষাগত দক্ষতা অর্জন করতে পারে, মন, শরীর ও আত্মার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করতে পারে, নিজস্ব অভিব্যক্তি সম্পর্কে জানাতে পারে, যা তাদের কল্পনার জগত থেকে বাস্তব জগতে নিয়ে আসে। তাদের আত্মস্বাধীনতার সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও ভূমিকা রাখবে এটি। খেলাঘর চুয়াডাঙ্গার সংগঠক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন আক্তার, গোলাম আব্বাস, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা কমিটির সভাপতি হাসানুজ্জামান হাসান, খেলাঘর চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্যসচিব কাজল মাহমুদ, চুয়াডাঙ্গা জেলা খেলাঘর সংগঠক নুঝাত পারভীন, হেলেনা নাছরিন প্রমুখ। উল্লেখ্য, দেশের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর। অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা খেলাঘর আসরের মূল লক্ষ্য। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা, শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশু নির্যাতন প্রতিরোধ, সৃজনশীল সাহিত্য চর্চা, খেলাধুলা, বিজ্ঞান চর্চা, নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকার প্রশিক্ষণ প্রদানসহ মৈত্রীর বন্ধনে শান্তিময় বিশ্বগড়া, দেশপ্রেমিক মানবতাবাদী আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খেলাঘর কাজ করছে সুদীর্ঘ সময় ধরে। বর্তমানে সারা দেশে সাড়ে ছয় শতাধিক শাখা সংগঠনের মাধ্যমে অগণিত শিশু-কিশোরদের নিয়ে কাজ করছে খেলাঘর।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান