উন্নয়নকাজ বুঝে নিতে পৌর মেয়রের আহ্বান
- আপলোড তারিখঃ
০৯-০৭-২০১৯
ইং
চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি-গাইদঘাট নতুন পিচ রাস্তার উদ্বোধন
বিশেষ প্রতিবেদক:
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডির সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের (ইউজিআইআইপি-৩) অর্থায়নে চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বুজরুকগড়গড়ি-বনানীপাড়া ঈদগাহ হতে চুয়াডাঙ্গা পৌরসভার শেষ সীমানা গাইদঘাট-বাংলাদাঁড়ি পর্যন্ত ১ হাজার ৬৫০ মিটার নতুন পিচ রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান খলিল, পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোছা. শাহিনা আক্তার রুবি, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওছার, পৌরসভার টিকাদান সুপারভাইজার আলী হোসেন, প্রকল্পের সহকারী প্রকৌশলী এস এম রাফিউ, উপসহকারী প্রকৌশলী আব্দুল কাদের, উপসহকারী প্রকৌশলী নাসনির সুলতানা সীমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, ঠিকাদারি প্রতিষ্ঠান এমটি ডিসি-এমআরসি-এর স্থানীয় প্রতিনিধি রাজা, স্থানীয় মুরব্বি লুৎফর রহমান, আবুছদ্দিন, বাবর আলী, ইসলাম, শরীফ, মিন্টু জোয়ার্দ্দার, মাহবুব আলম পিকন, আবু তালেব, মহিবুল, মুকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় প্রকল্পের সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এলাকাবাসী জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ধুলো ও কাদাযুক্ত এ রাস্তা দিয়ে চলাচল করে আসছে। তাদের এ দুর্ভোগ নিরসনে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে সম্পূর্ণ নতুন পিচ রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। অতি অল্প সময়ে ভালো মানের এ রাস্তা নির্মাণের ফলে এ অঞ্চলের মানুষের চলাচলে নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। পিচকরণ কার্যক্রম চলাকালে পৌর মেয়র উপস্থিত থেকে কাজের গুণগত মান যাচাই করেন। নতুন রাস্তা নির্মাণের লক্ষ্যে খনন পরবর্তী ডব্লিউবিএম ৬ ইঞ্চি, এসএস ৬ ইঞ্চি, বালি ৮ ইঞ্চি ও ৪০ মিলিমিটার বিটুমিন পিচ দেওয়া হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসীদের এ কাজ বুঝে নিতে আহ্বান জানিয়েছেন পৌর মেয়র। তিনি বলেন, ‘আমরা (পৌর কর্তৃপক্ষ) উন্নয়নকাজ করলেও এর ভুক্তভোগী আপনারা। আমরা আপনাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে চাই। তাই আপনাদেরকেই এই কাজ বুঝে নিতে হবে।’
কমেন্ট বক্স