মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মন্টু সভাপতি ও আলামিন সম্পাদক

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০১৯ ইং
মন্টু সভাপতি ও আলামিন সম্পাদক
মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
মেহেরপুর অফিস:
বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বিতা হওয়া তিনটি পদের ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও  জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী। বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে সভাপতি পদে ফজলুল হক মন্টু (এসএটিভি), সহসভাপতি ফারুক মল্লিক (দৈনিক ইনকিলাব), সাধারণ সম্পাদক আলামিন হোসেন (বিটিভি), যুগ্ম সম্পাদক মাজেদুল হক মানিক (আরটিভি), অর্থ সম্পাদক জি এফ মামুন লাকি (আকাশ খবর), সাংগঠনিক সম্পাদক বেন ইয়াামিন মুক্ত (মাছরাঙ্গা টিভি), দপ্তর সম্পাদক আবু সাঈদ (প্রথম আলো) এবং নির্বাহী সদস্য পদে মীর সউদ আলী চন্দন (সময় টিভি), হামিদুর রহমান কাজল (বৈশাখী টিভি) ও উম্মে ফাতেমা রোজিনা (এটিএন বাংলা ও এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন।
গতকাল প্রতিদ্বন্দ্বিতা হওয়া তিনটি পদের মধ্যে সহসভাপতি পদে ফারুক মল্লিক ও মহাসিন আলী, অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম ও জি এফ মামুন লাকি এবং দপ্তর সম্পাদক পদে মেহের আমজাদ ও আবু সাঈদ প্রতিদ্বন্দ্বিতা করেন। মেহেরপুর প্রেসক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটুর সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আহম্মদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন আরণ্য। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা কবির আহমেদ ও জেলা সঞ্চয় কর্মকর্তা নজরুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
এর আগে গতকাল দুপুরে ভোট গ্রহণ পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি বলেন, ‘মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিকতা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। গণতান্ত্রিক পরিবেশে এবং বিধি-বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি আশা করি, মেহেরপুরের উন্নয়নে, মেহেরপুরের মানুষের সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মেহেরপুরের গণমাধ্যমকর্মীরা কাজ করে যাবেন।’ জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের মানোন্নয়নে এবং মেহেরপুর প্রেসক্লাবের উন্নয়নে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
গতকাল সকাল নয়টা থেকে প্রেসক্লাবে ভোট গ্রহণ শুরু হয়। ৪১ জন ভোটারের মধ্যে ৪০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
 


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান