ঝিনাইদহে এনটিভির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোড তারিখঃ
০৪-০৭-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে দর্শক নন্দিত টেলিভিশন এনটিভির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শিশু সমাবেশ, র্যালি, পুরস্কার বিতরণ, জন্মদিনের কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় ঝিনাইদহ শিশু একাডেমী প্রাঙ্গণে শিশু সমাবেশের মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। এর আগে অভিভাবকসহ নানা বয়সের নারী-পুরুষ শিশু সমাবেশ দেখার জন্য সেখানে উপস্থিত হন। একই ধরনের পোশাক পরে পাঁচ থেকে ছয় বছর বয়সের অন্তত শতাধিক শিশু যোগ দেয় এ সমাবেশে। এরপর অনুষ্ঠিত হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে র্যালি। শিশুরাও বাদ পড়েনি, আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তারাও র্যালিতে অংশ নেয়। র্যালির প্রথম সারিতে ছিল তারা। শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় ।
সকাল সাড়ে ১০টার দিকে শিশু একাডেমীর তৃতীয় তলার হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি শুরু হয় । এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও উপস্থিত ব্যক্তিরা এনটিভির স্টাফ করেসপনডেন্ট মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক বিমল কুমার সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন আজাদ, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ সনজু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহিদুল ইমলামসহ আরও অনেকে।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম তাঁর বক্তব্যে বলেন, এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি পরিচ্ছন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা প্রচার করে আসছে। ইতিমধ্যে দর্শকদের মধ্যে শক্ত অবস্থান করে নিয়েছে এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে এনটিভি পরিবারকে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ তাঁর বক্তব্যে বলেন, এনটিভির জন্য ২১ আগস্টের ভয়াবহ সে বোমা হামলায় আহত বড় ভাইয়ের খবর জানতে পারেন তিনি। এ জন্য এনটিভিকে বেশি বেশি মনে পড়ে এবং প্রতিবছর ২১ আগস্ট দিনভর এনটিভি অন করে বসে থাকেন তিনি। তিনি ব্র্যান্ড স্যাটেলাইট টেলিভিশন এনটিভির আরও উন্নতি কামনা করেন।
আলোচনা ও শুভেচ্ছা বিনিময় শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। কবিতা আবৃত্তি ও ছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এতে অংশ নেন উপস্থিত সবাই। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থিত অতিথিদের সঙ্গে অভিনন্দন জ্ঞাপন করেন এনটিভির ঝিনাইদহের স্টাফ করেসপনডেন্ট মিজানুর রহমান।
কমেন্ট বক্স