মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা প্রতিবেদক, বারাদী: মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের চাঁদবিল নামকস্থানে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ (৭০) নিহত হয়েছেন। নিহত সিরাজুল ইসলাম মেহেরপুর সদরের কলাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মৃত মোবারেক আলীর ছেলে ছুরমান আলী (৬০)। আশঙ্কাজনক অবস্থায় আহত ছুরমান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজনই মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। জানা যায়, গত শুক্রবার বিকেল চারটার দিকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ ও ছুরমান আলী মেহেরপুরের হালিম মোল্লার ইটভাটা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চাঁদবিল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাজা থেকে বাম পা পিষ্ট হলে সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে সিরাজগঞ্জ পৌঁছালে রাত আনুমানিক একটার দিকে তিনি মারা যান। সিরাজুল ইসলামের লাশ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের নেতৃত্বে মেহেরপুর সদর থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। গতকাল শনিবার বেলা ১১টায় গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
সমীকরণ প্রতিবেদন