সমীকরণ প্রতিবেদন:
`জীবন বাঁচান, আওয়াজ তুলুন` এই স্লোগানে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার পৃথকস্থানে পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
`জীবন বাঁচান, আওয়াজ তুলুন` এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, চুয়াডাঙ্গা শাখার আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্বে দেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্স্ব) খোন্দকার ফরহাদ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, বিআরটিএ মোটরযান পরিদর্শক রফিকুল ইসলাম ও সহকারী পরিদর্শক ওবায়দুর রহমান, নিরাপদ সড়ক চাই এর সভাপতি এ্যাডভোকেট আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মেহেরপুর:

‘জীবন বাঁচান, আওয়াজ তুলুন’ এই প্রতিপাদ্যে মেহেরপুর ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মেহেরপুরের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগীতায় ওই কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যাালিটি জেলা প্রশাসকের কার্যলয় চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে বিআরটিএ’র পরিদর্শক সাহাবুদ্দীন প্রিন্স, কোর্ট পুলিশ ইন্সপেক্টর আব্দুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:

‘জীবন বাঁচান, আওয়াজ তুলুন’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ’র আয়োজনে গতকাল সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান উল কবীর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ পরিবহণ শ্রমিক নেতা ও শ্রমিকরা বক্তব্য রাখেন। বক্তারা সড়কে দুর্ঘটনা রোধে কারণ চিহ্নিত করে তা সমাধানে সকলকে কাজ করার আহ্বান জানান।