হাসাদহে ব্যবসায়ীর বাড়িতে চুরি!
- আপলোড তারিখঃ
০৩-০৫-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার হাসাদহ বাজারে সংলগ্ন ব্যবসায়ীর বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে ঘরের দরাজার ছিটকিনি ভেঙ্গে ঘরে প্রবেশ করে চোরচক্রটি নগদ টাকা, একটি মোটরসাইকেল, টিভি, স্বর্ণালংকারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পুলিশ ক্যাম্পের ৫শ’ থেকে ৬শ’ গজের মধ্যে চুরির ঘটনায় এলাকার মানুষ চোর আতঙ্কে রয়েছে।
ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী সামসুল হক বাবু জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে আসি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই চোরচক্রের সদস্যরা বাড়ির নিচ তলার ছিটকিনি ভেঙে ঘরের দরজার হুক খুলে ভিতরে থাকা একটি লাল রঙের পালসার মোটরসাইকেল (চুয়াডাঙ্গা-ল-১১-১৪৮৭ ), একটি এলইডি টিভি, ৪ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। চুরির ঘটনায় হাসাদাহ ইউপি চেয়ারম্যান জানান, হাসাদহ বাজার সংলগ্ন স্থানে পুলিশ ফাঁড়ি থাকলেও বেশ কয়েক মাস যাবত হাসাদহ বাজার এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (জীবননগর ও দামুড়হুদা সার্কেল) আবু রাসেল ও জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কমেন্ট বক্স