এলোমেলো বাতাসে দুলছে ধানের শীষ
- আপলোড তারিখঃ
২৬-০৪-২০১৯
ইং
জীবননগরে আগাম ইরি-বোরোর ধান কাটা ও মাড়াই শুরু
জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ:
জীবননগর উপজেলার মাঠগুলোতে শুরু হয়েছে আগাম জাতের ইরি-বোরো ধান কাটার মৌসুম। একদিকে এলোমেলো বাতাসে যেমন দুলছে ধানের শীষ, অন্যদিকে বাতাসের তালে তালে কৃষকের অন্তরে দোল খাচ্ছে দু’চোখ ভরা স্বপ্ন। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় ইতিমধ্যেই উপজেলার কিছু মাঠে শুরু হয়েছে আগাম জাতের ইরি-বোরো ধান কাটার কাজ। আবহাওয়া যদি ভালো থাকে ও কোনো প্রাকৃতিক দুর্যোগ হানা না দিলে এবার ধানের বাম্পার ফলন পাওয়ার আশা করছেন উপজেলার কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬ হাজার ৮শ’ হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপন করা হয়েছে। ইতোমধ্যেই কৃষকরা ধান কাটতে শুরু করেছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে, শিলাবৃষ্টি না হলে ও কোন প্রকারের প্রাকৃতিক দুর্যোগ হানা না দিলে এবং কৃষকরা মাঠের ধান যদি ভালোভাবে ঘরে তুলতে পারে, তা হলে এবার বাড়িতে ধান রাখার জায়গা পাবেন না বলে আশা করছেন কৃষি অফিস। তাছাড়া শেষ পর্যন্ত ধানের বাজার ভালো থাকলে কৃষকরা বিগত সময়ের লোকসান কাটিয়ে লাভবান হতে পারবেন।
উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদনীপুর গ্রামের কৃষক আব্দুল আলিম, হাতেম আলী ও মফিজুল ইসলাম বলেন, ‘বিগত সময়ের তুলনায় এবার ধানে পোকা মাকড় ও রোগ বালাইয়ের আক্রমণ অনেক কম হয়েছে। ধান ঘরে তোলার আগ পর্যন্ত যদি আবহাওয়া ভালো থাকে এবং কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হানা না দেয় তাহলে বিগত সময়ের তুলনায় চলতি ইরি-বোরো মৌসুমে রেকর্ড পরিমাণ ধানের ফলন পাবো। ফলন বাম্পার পাওয়ার পর যদি ধানের বাজার ঠিক থাকে, তাহলে বিগত সময়ে ধান চাষে ক্ষতিগ্রস্ত কৃষকরা লোকসান পুষিয়ে নিয়ে অনেকটাই লাভবান হবো বলে আমরা আশাবাদী।’
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, এখন পর্যন্ত আবহাওয়া ও প্রকৃতি ধানের পক্ষে রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ও প্রকৃতি যদি ধানের অনুকুলে থাকে এবং কৃষকরা ভালোভাবে ধানগুলো ঘরে তুলতে পারেন তাহলে সব ধরনের ধানের প্রচুর ফলন পাবেন। আর কয়েকদিনের মধ্যেই উপজেলায় পুরোদমে শুরু হবে ধান কাটার মৌসুম। শেষ পর্যন্ত ধানের বাজার ঠিকঠাক থাকলে কৃষকরা চলতি ইরি-বোরো মৌসুমের ধান বিক্রি করে বিগত সময়ের লোকসান পুষিয়ে নিতে পারবেন।
কমেন্ট বক্স