চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পৃথক কর্মসূচি পালিত
সমীকরণ প্রতিবেদন:
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে এসব কর্মসূচি পালিত হয়।
চুয়াডাঙ্গা:
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মা-বাবা-বউ-শাশুড়ির নিয়ে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর তৈরিকৃত খাবার নির্বাচন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এসব কর্মসূচি পালিত হয়। পরে অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস সজিব, মেডিকেল অফিসার ডা. শারমিনসহ সদর হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা।
মেহেরপুর:

মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার রান্না প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে শহরের বিভিন্ন এলাকার গৃহিনীরা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় দিঘীরপাড়ার রুনা খাতুন প্রথম, ফাইমা খাতুন দ্বিতীয় ও ফৌজদারীপাড়ার ওয়াহিদা আক্তার তৃতীয় স্থানের পুরস্কার লাভ করেন। ডা. তাপশ কুমার পাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার।