চুয়াডাঙ্গায় এগারো সংগঠনের উদ্যোগে স্বাধীনতা ও নাট্য দিবস পালন
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার শিল্প ও সাহিত্য কেন্দ্রিক এগারোটি সংগঠনের উদ্যোগে জমকালো আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নানা রঙে-ঢঙে সেঁজে, ঢাঁক-ঢোল বাঁজিয়ে, নানা স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়। শোভাযাত্রায় অনেকটা বিক্ষুব্ধ দেখা যায় সাংস্কৃতিক কর্মীদের। অজ্ঞাত কারণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান বন্ধের নির্দেশনা ছিল বলেও জানা যায়। তাই তারা স্লোগান দেন, ‘মঞ্চ আমার অধিকার, রুখবে মঞ্চ সাধ্য কার’।
এ প্রসঙ্গে সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি জেলা প্রশাসন ও কয়েকজন সাংস্কৃতিক কর্মীর মধ্যে অর্ন্তদ্বন্দ্ব চলে আসছে। যে কারণে প্রশাসনের কোন প্রোগ্রাম শিডিউলে তাদের রাখা হচ্ছে না। তাই ঐক্যবদ্ধ সংগঠনগুলো পৃথক আয়োজনে বুধবার জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও অভিনয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় এক আলোচনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল হক মুন্সী, আব্দুস সালাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আলাউদ্দীন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংগঠনের সহ-সম্পাদক আব্দুস সালাম তারা, সংলাপের সভাপতি নজীর আহমেদ, উদীচীর হাবীবি জহির রায়হান, অরিন্দম সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত, নাট্য সম্পাদক সেলিমুল হাবীব সেলিম প্রমুখ।

হিরন উর রশিদ শান্তর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে কবিতা আবৃত্তি করে চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের শিশুরা। এরপর উদীচী সদস্যরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, সুরকানন একাডেমি, শহর বাউল একাডেমি, জেলা শিল্পকল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, সরগম-চুয়াডাঙ্গা, সংলাপ-চুয়াডাঙ্গা, উদীচী-চুয়াডাঙ্গা ও অরিন্দম সদস্যরা আবৃত্তি, গান, নৃত্য ও অভিনয় পরিবেশন করে অনুষ্ঠান মঞ্চে।