বিমানের নতুন পরিচালক জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড তারিখঃ
২৬-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গার সাবেক জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউদ্দীন আহমেদ। তাঁকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়েছে সরকার। গত ৪ মাস ধরে ওই পদে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বপালন করে আসছেন বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের (বিএটিসি) প্রিন্সিপাল পার্থ কুমার পন্ডিত। মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে টিকিট বিক্রি ও কার্গোতে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণের পর এই রদবদলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সদ্য নিয়োগপ্রাপ্ত জিয়াউদ্দীন আহমেদ গতকাল সোমবার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এরআগে গত মঙ্গলবার রাতে বিমান পরিচালনা পর্ষদ সভায় এ রদবদলের সিদ্ধানমশ হয়। দায়িত্বগ্রহণ পরবর্তী নতুন পরিচালক সময়ের সমীকরণকে বলেন, ‘বিমানে সিট খালি যাচ্ছে, টিকিট নেই- এমন অভিযোগ আর চলবে না। এখন থেকে টিকিট বিক্রির পদ্ধতি পুরোপুরি অটোমেটেড হবে। ম্যানুয়াল পদ্ধতিতে আর কেউ টিকিট বিক্রি করতে পারবে না। প্রশাসনের এরূপ সিদ্ধান্ত রয়েছে, যা শিগগিরই কার্যকর হবে।’
প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুর্নীতি দমনে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বিমানের উচ্চপর্যায়ে বড় ধরনের সংস্কার আসছে। এরইমধ্যে গতকাল সোমবার রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটির প্রশাসন বিভাগের প্রধানকে সরিয়ে দেয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে আরো পরিবর্তন আসবে বলে জানা গেছে।
কমেন্ট বক্স