এতিম শিশুদের ইচ্ছা পূরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ
- আপলোড তারিখঃ
২২-০৩-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
সমাজের অধিকার বঞ্চিত অনাথ ভবঘুরে এতিম শিশুদের ইচ্ছা পূরণে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন `ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ`। আমেরিকা প্রবাসী গ্রুপের সাধারণ সম্পাদক ও গ্রুপ ক্রিয়েটার তরিকুল ইসলাম মিঠুর সার্বিক পরিকল্পনায় গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের জোহান ড্রিমভ্যালি পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার শহরের বিভিন্ন এতিমখানা, ফুটপাত রাস্তায় ঘুরে বেড়ানো অর্ধশত পথশিশুকে উন্নত খাবার পরিবেশনের পাশাপাশি তাদের মননশীলতা বিকাশে আনন্দদায়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া তাদের ইচ্ছা পূরণে পার্কের প্রায় ৫০টি রাইডারে উঠিয়ে তাদের আনন্দ দেওয়া হয়। এতিম শিশুরা পার্কের এ সব সুবিধা পেয়ে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়।
এ উপলক্ষে এক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন `ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ` এর কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক আসিফ ইকবাল কাজল। এ সময় গ্রুপের উপদেষ্টা মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি ও চেম্বারের সাবেক সভাপতি মীর নাছির উদ্দীন, ঝিনাইদহ গোয়েন্দা বিভাগের ওসি শরিফুল ইসলাম জনক, জোহান ড্রিমভ্যালি পার্কের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন, গ্রুপের কেন্দ্রীয় সহসভাপতি সাইফুল ইসলাম লিকু, নাসির উদ্দীন, মাসুম আহম্মেদ, সাইদুল ইসলাম টেটো, আশরাফুল ইসলাম, সজিব প্রবাসি ও সোহাগ স্বপ্ন উপস্থিত ছিলেন। ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন `ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ` এর প্রবাসে থাকা সদস্যদের আর্থিক সহায়তায় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জোহান ড্রিমভ্যালি পার্কের সত্ত্বাধিকারী মোয়াজ্জেম হোসেনকে `ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ` এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
কমেন্ট বক্স