আবারও ক্ষুদে বিজ্ঞানী জয়নালের নতুন আবিষ্কার
- আপলোড তারিখঃ
০২-০২-২০১৯
ইং
তিতুদহ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের সন্তান এবং বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ক্ষুদে বিজ্ঞানী জয়নাল আবেদীন এবার আবিষ্কার করেছেন বঙ্গবন্ধু অটোমেটিক পিরিয়ড অ্যানাউন্সার। যেটি একটি সফটওয়্যার নির্ভর ডিভাইস। এটি সকল শিক্ষক মন্ডলী, কর্মচারীসহ সকল শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে পিরিয়ড অনুযায়ী সকল ক্লাসের বার্তা নির্ভুলভাবে প্রদান করতে সক্ষম। এতে করে শিক্ষকমন্ডলীসহ কোন শিক্ষার্থীই ক্লাস ফাঁকি দিতে পারবে না।
ক্ষুদে এই বিজ্ঞানী বলেন, এই ডিভাইসটি শুরু থেকে শেষ করতে আমার সময় লেগেছে ২ মাস ৫ দিন, এটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে ৮ হাজর ৩শ’ টাকা। এটি তৈরি করতে অনুপ্রেরণা দেন অত্র কলেজেরই আইসিটি প্রভাষক আবুল কাশেম, বাংলা প্রভাষক আব্দুল করিম ও অর্থনীতি প্রভাষক আব্দুর রশিদসহ আরও অনেকেই। সেই সাথে অর্থ দিয়ে কিছুটা হলেও সহযোগীতা করেন অধ্যক্ষ আব্দুস সাত্তার। সে আরও জানায়, এটি আমার কলেজে স্মৃতিচারণের লক্ষ্যেই আবিষ্কার করা।
বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মুকিত জোয়ার্দ্দার সাংবাদিকদেরকে জানায়, বঙ্গবন্ধু অটোমেটিক পিরিয়ড অ্যানাউন্সার অটোমেটিক ক্লাস রুটিন ঘোষণা। এই ডিভাইস বাংলাদেশের সকল স্কুল, কলেজ মাদ্রাসাই ব্যবহার করা যাবে এবং আশা করি অত্যন্ত জনপ্রিয় হবে। আমাদের প্রতিষ্ঠানে ব্যহার করে আমরা শিক্ষকমন্ডলীরা যেমন উপকৃত হচ্ছি তেমনি আমাদের শিক্ষারথীরাও। এটি এমন একটি ডিভাইস যা ব্যবহার করার মাধ্যমে আর কোন ঘন্টা দেওয়ারও প্রয়োজন হয় না। সকল দায়িত্ব এই ডিভাইসটি নিজেই পালন করছে। যার কার্যক্ষমতা প্রথম দেখে আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছিলাম। আমাদের ছাত্র ক্ষুদে বিজ্ঞানী জয়নাল আবেদীন এবার এইচএসসি পরীক্ষার্থী। সে কলেজ ত্যাগের আগেই তার অনেক আবিষ্কারের মধ্য থেকে একটি আবিষ্কার স্মৃতিচারণের জন্য অত্র কলেজে রেখে যেতে চাই। যার ফলশ্রুতিতে তরুণ বিজ্ঞানী জয়নাল আবেদীন এই অটোমেটিক ক্লাস রুটিন ঘোষণার ডিভাইসটি আবিষ্কার করে তার প্রিয় কলেজে হস্তান্তর করে।
নতুন নতুন আবিষ্কার দেখে এলাকাবাসী জয়নাল আবেদীনকে নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে। কিন্তু দারিদ্রতার কাছে তার আবিষ্কারের নেশা যেন বাধাগ্রস্থ হয়ে পড়েছে। তরুণ বিজ্ঞানী জয়নাল আবেদীনকে আর্থিকভাবে একটু সহায়তা করলে সে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। সরকারিভাবে তাকে যদি সাহায্য-সহযোগীতা করা হয় তাহলে দেশ ও জাতির জন্য অনেক কল্যাণকর আবিষ্কার করে বিশ্ববাসীকে চমক দিবে বলে জানিয়েছে এলাকাবাসী।
কমেন্ট বক্স