কাজকে কখনই ছোট মনে করা যাবে না
- আপলোড তারিখঃ
৩১-০১-২০১৯
ইং
জীবননগরে উঠান বৈঠকে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস
জীবননগর অফিস: জীবননগরে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠক ও উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামের মাঝেরপাড়ার মোশারফ মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
এ সময় তিনি একটি বাড়ি একটি খামারের মূল উদ্দেশ্যে এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, কাজকে কখনই ছোট মনে করলে হবে না, পরিবারে বাড়তি আয় করতে হলে নারী-পুরষ সকলের একত্রিত হয়ে কাজ করতে হবে। আজ দেশ উন্নয়ন হচ্ছে শুধু পুরুষের একার জন্য নয়, এর পিছনে নারীরও অবদান রয়েছে। বর্তমান সরকারের মিশন গ্রামকে শহর বানানো, তা ইতোমধ্যেই বাস্তবে রূপ নিতে শুরু করেছে। শুধু তাই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে একটি বাড়ি একটি খামারের মাধ্যমে ঋণ প্রদান করছে। এ সময় তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। কোথায় যায়, কি করে, কাদের সাথে চলাফেরা করে সে দিকে খেয়াল রাখুন এবং বাল্যবিবাহের প্রতিরোধ করুন। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। এটি রোধ করতে হলে আপনাদের ভূমিকা নিতে হবে কঠোরভাবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক গ্রামবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধান করার আশ্বাস প্রদান করেন। একটি বাড়ি একটি খামারের জীবননগর উপজেলা সমন্বয়কারী মাহফুজুল হকের উপস্থাপনায় উঠান বৈঠক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদি হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বাঁকা ইউপি সদস্য জামেলা খাতুন, একটি বাড়ি একটি খামারের আলীপুর ইউনিটের সভাপতি নাদির শাহ, ম্যানেজার মোশারফ হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স