৬ মাসের মধ্যে শতভাগ স্কাউটস হবে চুয়াডাঙ্গা জেলায়
- আপলোড তারিখঃ
৩১-০১-২০১৯
ইং
জীবননগরে শিক্ষকদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনকালে ডিসি গোপাল চন্দ্র দাস
জীবননগর অফিস: বাংলাদেশ স্কাউটসের অধীনে খুলনা অঞ্চলের পরিচালনায় জীবননগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষকদের অংশ গ্রহণে ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় জীবননগর উপজেলা রিসোর্স সেন্টারে ৩০২তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘স্কাউটসের সমস্ত কার্যক্রম সকল শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে হবে। যাতে করে এই নবীন শিক্ষার্থীদের মধ্যে মানবতাবোধ, মনুষ্যত্ববোধ, সামাজিকতা, দায়িত্ববোধ সর্ম্পকে তারা ভালো ভাবে জানতে পারে।
এ সময় তিনি প্রশিক্ষণরত শিক্ষকদের বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর আপনারা যদি স্কুলে মনোযোগ সহকারে শিক্ষার্থীদের লেখাপড়া না করান, তা হলে তারা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। এই স্কাউটসে যে নিয়নকানুনগুলো আছে সেগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন এবং তা শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন, তা হলে শিক্ষার্থীরা সেগুলো অনুকরণ করবে। আপনাদের সকলের সহযোগিতা পেলে সব বিদ্যালয়ের শিক্ষার্থী স্কাউটস আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। তিনি আরও বলেন, আগামী ৬ মাসের মধ্যে চুয়াডাঙ্গা জেলায় শতভাগ স্কাউটস নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্কাউটস কোর্স লিডার মনোয়ার হোসেন ও জীবননগর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন। ওরিয়েন্টশন কোর্সে উপজেলার ৪৮জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
কমেন্ট বক্স