‘শিশুদের জন্য ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোড তারিখঃ
১৯-০১-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদক: আলোচনা সভা, কেক কাটা, শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে পালিত হলো চুয়াডাঙ্গা পশুহাটপাড়াস্থ ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শিশুদের জন্য ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকাল ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বাংলা ভারতের স্বনামখ্যাত বাচিক শিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী হাজি আক্কেল আলী হাওলাদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ বরেণ্য কবি, গল্পকার ও ঔপন্যাসিক মাসুদ আলম বাবুল, ঢাকা থেকে আগত বিশিষ্ট আবৃত্তিকার কবি ও আইনজীবী রোটারিয়ান শিমুল পারভীন, বাচিক শিল্পী সৈয়দ একতেদার আলী। উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবু নাসির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. ফখরুল ইসলাম। স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাসুদ আলম বাবুল, দ্রোহের কবি অমিতাভ মীর, কবি শামিমা আক্তার, এম এ হামিদ, অশোক দত্ত, আসাদুজ্জামান আশিক প্রমুখ। এরপর একে একে প্রাণবন্ত আবৃত্তি করে শোনান বাচিক শিল্পী সৈয়দ একতেদার আলী, বাচিক শিল্পী শিমুল পারভীন ও ভারতের বাচিক শিল্পী অনুষ্ঠানের প্রধান অতিথি অঞ্জল চট্টোপাধ্যায়। অতিথিবৃন্দ উপস্থিত শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। সবশেষে শিমুল পারভীন ও শামিমা আক্তার সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের বিমুগ্ধ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফখরুল ইসলাম।
কমেন্ট বক্স