আজ নাট্য সফরে কলকাতা যাচ্ছে দর্শনার ‘অনির্বাণ থিয়েটার’
- আপলোড তারিখঃ
০৫-১২-২০১৮
ইং
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দর্শনা অনির্বাণ থিয়েটার ‘জিষ্ণুযারা’ নাটক মঞ্চায়ন করতে ভারত যাচ্ছে। তারা তিনটি স্থানে নাটক মঞ্চায়ন করবে। আজ ৫ ডিসেম্বর ৩০ সদস্যের দলটি কলকাতার উদ্দেশ্যে সকালেই যাত্রা করবে। দলটি ৬ ডিসেম্বর ঢাকুরিয়া নাট্যমুখের আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবন, ৭ ডিসেম্বর রবীন্দ্রনগর নাট্যায়ুধের আমন্ত্রণে দমদমের অজিতেশ মঞ্চ ও ৮ ডিসেম্বর আগরপাড়া কথামালার আমন্ত্রণে উত্তর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে দলের প্রাণপুরুষ নাট্যজন আনোয়ার হোসেনের নাটক ও তার নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ‘জিষ্ণুযারা’ নাটকটি প্রদর্শন করবে।
বাংলাদেশের থিয়েটার আন্দোলনে অনির্বাণ থিয়েটার দেশব্যাপী একটি পরিচিত নাম। ১৯৮৩ সাল থেকে অনির্বাণ থিয়েটার চুয়াডাঙ্গা জেলায় আধুনিক নাট্য আন্দোলন প্রসারে যেমন বলিষ্ঠ ভূমিকা রেখেছে, ঠিক তেমনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য দল হিসেবে নতুন ধারার নাট্য নির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছে। এই দলটি ইতোধ্যে গড়ে তুলেছে নিজস্ব নাটকের মঞ্চ। তারই ধারাবাহিকতায় অনির্বাণ থিয়েটার এবার নাট্যসফরে যাচ্ছে ভারতের কলকাতায়।
নাট্যকার ও নির্দেশক আনোয়ার হোসেন বলেন- ‘আমাদের অহংকারদীপ্ত ইতিহাসের সব থেকে গর্বের অংশ ‘মুক্তিযুদ্ধ’, যা প্রকৃত পক্ষে একটি সময়কালের ঘটনা। কিন্তু তার ব্যাপ্তি অনেক। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ জন্মের মধ্যদিয়ে বাংলাদেশীদের স্বপ্ন দেখা শুরু। যাদের রক্তের দানে এদেশ, তাদের স্বপ্নের দেশে আজ আমরা কোথায় আছি, কেমন আছি সেটাকে তুলে ধরার চেষ্টাই হচ্ছে এই নাটক। স্বাধীনতাত্তোর বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রশাসনিক ও বিচারিক প্রেক্ষাপট নাটকটির সকল দৃশ্যে প্রতিফলিত হয়েছে। সাথে সাথে স্বাধীন দেশের নানা অসংগতি আর বিচ্যুতিতে একজন মুক্তিযোদ্ধা এবং আজকের প্রজন্ম-যারা দেশকে কি ভাবে দেখতে চায়, উভয়ের আকুতি তুলে ধরতে চেষ্টা করা হয়েছে এই নাটকে’।
নাটকটিতে অভিনয় করবেন- মাহাবুবুর রহমান মুকুল, শামীম আজাদ, মিরাজ উদ্দিন, হাসমত কবির, সাজ্জাদ হোসেন, জগন্নাথ কুমার কর্মকার, আজাদুল ইসলাম মিলন, ফরহাদ হোসেন টিটন, ফেরদৌসী পারভীন পপি, আসমা হেনা চুমকী, এস.এম.সাব্বির আলিম, হাবিবুর রহমান ঈদু, সামিয়া ইসলাম ও আব্দুল্লাহ আল ফয়সাল অপু।
আর নেপথ্যে কাজ করবেন- আলোক পরিকল্পনা ও নিয়ন্ত্রণ: আবুল হোসেন ও রেজাউল করিম, পোষাক পরিকল্পনা : রানী শাহ্ ও জেসমিন আক্তার পপি। উপকরণ : মিরাজ উদ্দিন, আবহ সংগীত : ইসরাইল হোসেন খান, বাদ্যযন্ত্রী : সায়েমুল হক টিপু, মামুন আল রাজী, আব্দুর রহমান ও খাইরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা : সাজ্জাদ হোসেন, প্রযোজনা ব্যবস্থপনা : সায়েমুল হক টিপু।
কমেন্ট বক্স