গাংনীর করমদি হাইস্কুলে ডিজিটাল কার্যক্রম উদ্বোধনকালে বিষ্ণুপদ পাল
- আপলোড তারিখঃ
০৫-১১-২০১৮
ইং
মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রণয়নে সরকার কাজ করছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন। কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। নেটিজেন আইটি লিমিটেডের সহযোগিতায় করমদি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ ডিজিটাল কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলম হুসাইন।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে তথা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রণয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার শিক্ষা ক্ষেত্রে ডিজিটালাইজেশন করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা ম-লীসহ সকল সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করলে গাংনী উপজেলার মধ্যে অন্যতম বিদ্যালয় হিসাবে গড়ে তোলা সম্ভব। বিদ্যালয়ের নানা সমস্যা পর্যায়ক্রমে সমাধান করারও আশ্বাস প্রদান করেন তিনি। তিনি প্রধান শিক্ষকের দূরদর্শিতার প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নেটিজেন আইটি লিমিটেডের উপদেষ্টা সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন তেঁতুলবাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মীর জাহাঙ্গীর হোসেন, নেটিজেন আইটি লিমিটেডের প্রতিনিধি মুজাহিদ মুন্না, হাসান মাহমুদ, রাসেল আহমেদ, সমাজকর্মি সিরাজুল ইসলাম, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আমানত উল্লাহ, হাজী মুহাম্মদ আবুল কাশেম, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সাহাবউদ্দীন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিল্টন আলী, শামসুজ্জোহা, নিছার আলী, বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সাজেদুর রহমান সাজিদ প্রমূখ। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক খাদেমুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স