মেহেরপুর অফিস: নাশকতা মামলায় আটক মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মারুফ আহম্মদ বিজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মারুফ আহম্মদ বিজনের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারে নেয়া হয়। এদিন বুধবার দুপুরের দিকে মারুফ আহম্মদ বিজনকে সদর থানা থেকে আদালতে নেয়া হয়। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক শিরিন নাহার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

মারুফ আহম্মেদ বিজনের পক্ষে এ্যাড. আসাদুল আযম খোকন, আবু সালেহ মো. নাসিম, এহান উদ্দীন মনাসহ বেশ কয়েকজন আইনজীবি জামিনের পক্ষে কথা বলেন। সরকারের পক্ষে সিএসআই আব্দুল আওয়াল জামিনের বিরোধিতা করেন। পরে বিকালে মারুফ আহম্মদ বিজনকে কারাগারে নেয়া হয়। এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মারুফ আহম্মদ বিজনকে মেহেরপুর শহরে তার নিজস্ব ‘ল’ চেম্বার থেকে নাশকতার মামলায় আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।