চুয়াডাঙ্গার কুকিয়াচাঁদপুর মাঠে সৌর সেচ প্রকল্পের উদ্বোধনকালে ইউএনও ওয়াশীমুল বারী
- আপলোড তারিখঃ
২৪-১০-২০১৮
ইং
এ ধরণের প্রকল্প সম্প্রসারণে জ্বালানী ও বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী হবে
দর্শনা অফিস: বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানীর প্রসার ও এর ব্যবহার সম্পর্কে জনসাধারনকে উৎসাহিত করার লক্ষ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোম্পানী লিমিটেড (ইডকল) ওয়েভ ফাউন্ডেশন নবায়নযোগ্য জ্বালানী কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কুকিয়াচাঁদপুর মাঠে স্থাপিত সৌর সেচ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডকল’র বিভাগীয় ব্যবস্থাপক মহিউদ্দীন, আঞ্চলিক ব্যবস্থাপক তাপস সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দীন আহম্মেদ চন্দন, নবায়নযোগ্য জ্বালানী কর্মসূচির সমন্বয়কারী কিতাব আলী ও ওয়েভ ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকরচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান।
সৌর সেচ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী প্রধানমন্ত্রী কর্তৃক নবায়নযোগ্য জ্বালানী প্রসারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমাদেরকে সৌর শক্তি চালিত এ ধরণের প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে ভর্তুকি নির্ভর জ্বালানী ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং প্রচলিত ধারণার পরিবর্তে কৃষি জমিতে সাশ্রয়ী সেচ ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের উৎসাহিত করতে হবে’। ওয়েভ ফাউন্ডেশন এর নবায়নযোগ্য জ্বালানী কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় এ ধরণের ১৪টি সৌর সেচ প্রকল্প স্থাপন করেছে। আগামী এক বছরের মধ্যে আরো ১০০টি সৌর শক্তি চালিত প্রকল্প স্থাপন করতে হবে জানিয়ে তিনি আরো বলেন, সুষ্ঠু পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে একটি প্রকল্পের আওতায় ১৮০ থেকে ২০০ বিঘা জমি সেচ কার্যক্রমের আওতায় আনা সম্ভব। ফলে এক দিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে অপরদিকে এতে জ্বালানী তেলও সাশ্রয় হবে। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সমন্বয়কারী মাহাবুবুর রহমান মুকুল।
কমেন্ট বক্স