চুয়াডাঙ্গায় উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড তারিখঃ
০৬-১০-২০১৮
ইং
বিভিন্ন পেশার মানুষসহ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়
মেহেরাব্বিন সানভী: চুয়াডাঙ্গার তিন দিনব্যাপি অনুষ্ঠিত উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে স্কুল-কলেজ ছাত্রছাত্রীদের অংশগ্রহনে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মেলার দ্বিতীয় দিনে বেলা আড়াইটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে মেলায় দর্শনার্থীদের জমজমাট উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকুরিজীবী, ব্যবসায়ী বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো। বর্ণিল আলোক সজ্জ্বায় সজ্জ্বিত মেলার মাঠ ও স্টলগুলোতে সন্ধ্যার পর মানুষের অনেকাংশে চাপ বেড়ে যায়।
বিকালে মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায় থেকে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় অংশগ্রহন করে। কলেজ পর্যায় থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ এবং সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। সন্ধ্যায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সকাল দশটায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প (ব্রান্ডিং) শীর্ষক সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. খায়রুল আলম, জেলা পরিষদের সচিব নুর জাহান বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক নাঈম আস্ সাকিব।
আজ শনিবার এ মেলার সমাপনী দিন। সকাল ১০টার সময় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে উন্নয়ন মেলা বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হয়ে `বঙ্গবন্ধুর উন্নয়ন ও আজকের বাংলাদেশ` শীর্ষক আলোচনা সভা এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এরপর বিকালে বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করা ছাত্রছাত্রী এবং নির্বাচিত সেরা স্টলকে পুরস্কৃত করা হবে। সন্ধ্যার পর জাকজমকপূর্ণ আয়োজনে সাংস্কুতিক অনুষ্ঠান হবে।
কমেন্ট বক্স