দামুড়হুদায় গভীর রাতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আপলোড তারিখঃ
১৭-০৯-২০১৮
ইং
আফজালুল হক/রুদ্র রাসেল: গভির রাতে দামুড়হুদা ব্র্যাক ব্যাংকের অদূরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে দামুড়হুদা থানা পুলিশ। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করে ওই ব্যক্তিকে। তাৎক্ষনিক কোন পরিচয় না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি মানসিক প্রতিবন্ধী। হাসপাতালে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। গতকাল রাত ১২টার দিকে দামুড়হুদা থানার এএসআই ইখলাস উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এএসআই ইখলাস বলেন, গতকাল রাত ১২টার দিকে টহলরত অবস্থায় দামুড়হুদা ব্রাক ব্যাংক ও ব্রিকস ফিল্ডের মাঝামাঝি সড়কে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে উর্ধ্বতন কর্মকতার আদেশে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানান তিনি। ধারণা করা হচ্ছে কোন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। তবে তিনি মানষিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমান বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। তার মাঝার হাড় গুড়ো হয়ে গেছে। মাথায় প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে ও প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এক ব্যাগ রক্তের ব্যবস্থাও করেছি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে, অজ্ঞাত ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট ও কালো ফুলহাতা শার্ট। অজ্ঞাত ব্যক্তি হওয়ায় তার চিকিৎসা জন্য ঢাকায় নেয়া সম্ভব হচ্ছে না। যত দ্রুত সম্ভব ঢাকাতে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ সার্জারী ওয়ার্ডের রক্তাক্ত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অজ্ঞাত ওই ব্যক্তি।
উল্লেখ্য, অজ্ঞাত ব্যক্তি মানষিক প্রতিবন্ধিকে বাঁচাতে বিত্তবানদের সহায়তা কামনা করা যাচ্ছে। পরিবারের লোকজন না থাকায় উন্নত চিকিৎসার জন্য অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছে না। সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নিকট সাহায্য প্রার্থনা করছে এলাকার সচেতন মহল। একটু সহযোগিতায় বাঁচবে একটি প্রাণ। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেই অজ্ঞাত ব্যক্তিটির উন্নত চিকিৎসা করানো সম্ভব। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আকুল আবেদন এগিয়ে আসুন একটি মানষিক প্রতিবন্ধীর প্রাণ বাঁচাতে।
কমেন্ট বক্স