আ.লীগ ও বিএনপির অফিস ভাংচুর
- আপলোড তারিখঃ
২৮-০৫-২০১৮
ইং
বেগমপুরের উজলপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বেগমপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। গতকাল রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উজলপুর গ্রামের মসজিদপাড়ার বিএনপি নেতা আব্দুলের ছেলে টুটুল ছাত্রলীগ করে। এ কারনে একই এলাকার আবুল হোসেনের ছেলে বিএনপি নেতা সাহাজান ওরফে সাধু প্রায়ই টুটুলকে কটুক্তি করে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সাধু টুটুলকে বলে তোর বাবা করে বিএনপি তুই ছাত্রলীগ করিস কেন। এর পরিপ্রেক্ষিতে দু’জনের মধ্যে বাকবিত-া শুরু হয়। এরই জের ধরে সন্ধ্যা ৭টার দিকে গ্রামের কয়েকজন আ.লীগের নেতাকর্মীদের কাছে ঘটনাটি জানায় টুটুল। পরবর্তীতে বিষয়টি নিয়ে বসে মিমাংসা করার কথা থাকলেও রাত ৮টার দিকে উজলপুর গ্রামের ৫নং ওয়ার্ড আ.লীগের কার্যালয়ে ভাংচুর করে দূর্বৃত্তরা। এ বিষয়ে অফিসের দায়িত্বে থাকা একই এলাকার যুবলীগ নেতা বকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নামাজে ছিলাম কারা এ ঘটনা ঘটিয়েছে জানি না। এসময় যারা আশপাশে অবস্থান করছিলো এমন কয়েকজনের কাছে জানতে গেলে তারা বলেন আমরা দেখতে পায়নি। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ আসলে গ্রামের সাবেক ইউপি সদস্য আ.লীগ নেতা কাছেদ পুলিশের কাছে এক দিনের সময় চেয়ে বলেন গ্রামের মাতব্বরদের সাথে বসে মিমাংসা করবে বলবে আশ্বস্ত করেন। এ কথার একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে আ.লীগের ওই পক্ষটি একই এলাকার বিএনপি নেতা আসলামের গোডাউন ও দোকান সংলগ্ন বিএনপি অফিস ভাংচুর করে। এ বিষয়ে এলাকার ইউপি সদস্য এরেং আলী জানায়, তুচ্ছ ঘটনার বিষয়ে আমরা আলোচনার মাধ্যমে সমাধানের দায়িত্ব নেয়ার পর যুবলীগ ও ছাত্রলীগের ছেলেরায় তাদের অফিস ভাংচুর করে নিজেদের দোষ অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এ বিষয়ে বিএনপি নেতা আসলাম জানায়, আমরা দীর্ঘদিন বিএনপি দলের সাথে জড়িত থাকলেও এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে আগেও জড়িত ছিলাম না বর্তমানেও নেই। তাছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আ.লীগের অফিসে ঢুকে ভাংচুর করা এই গ্রামের কোন বিএনপি নেতা কর্মীদের সাহস হবেনা। এলাকার কিছু আ.লীগের নেতাকর্মীরা জানায়, বিগত দিনে আমরা গ্রামে একসাথে বসবাস করে যে যার মত পছন্দের দল করে আসছি। কিন্তু কোন দিন এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। এ ধরনের ঘটনায় সে যে দলেরই হোক না কেনো আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। এছাড়াও আ.লীগের এক নেতা জানায় উজলপুরে ৫নং ওয়ার্ড আ.লীগের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে দলের কোন তালিকাভুক্ত সদস্য দ্বারা অফিসটি পরিচালিত হয়না।
কমেন্ট বক্স