স্বাধীনতার ৪৭ বছরেও লাগেনি উন্নয়নের ছোয়া
- আপলোড তারিখঃ
২৬-০৫-২০১৮
ইং
আন্দুলবাড়ীয়ার পোঁকামারি গ্রামবাসীর ভরসা একমাত্র কাঁচারাস্তা
জাহিদুল ইসলাম মামুন: চুয়াডাঙ্গা জীবননগরের আন্দুলবাড়ীয়া উইনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত পোকামারী গ্রাম। স্বাধীনতার ৪৭ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনি এ গ্রামে। একমাত্র কাঁচা রাস্তায় এখন ভরসা এ গ্রামবাসীর।
সরেজমিনে দেখা গেছে, পোঁকামারী গ্রামের মফজেলের বাড়ী হতে খাসপাড়া অভিমুখে প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। একমাত্র এই কাঁচা রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াতকারী ছোট-বড় ট্রাক, পিকআপ, পাওয়ারট্রিলার, ট্রাক্টর, আলমসাধু, নছিমন, করিমন, ব্যাটারী চালিত পাখিভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যানসহ পথচারী, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের ধর্মপ্রাণ মুসল্লীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই হাঁটুজল দেখা দেয় ও কাঁদামটি জমে দীর্ঘ জলাবদ্ধতা সৃষ্টি হয়। দ্রুত পানি নিঃষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষকেরা যথা সময়ে মাঠের ফসল বাড়িতে নিতে পারেন না। ফলে কৃষক ও প্রান্তিক চাষীরা তাদের উৎপাদিত ফসল ধান, গম, ভুট্টা, পাটসহ শাক সবজি মাঠেই পচে বিনষ্ট হয়। অনেকটা নিরুপায় হয়ে হতদরিদ্র কৃষকরা ব্যপক হারে ক্ষয় ক্ষতির শিকার হচ্ছেন। কোন যানবাহন চলাচল করতে না পারায় এ গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা দ্রুত সময়ে স্কুল-কলেজে যেতে পারছে না। দ্রুত স্বাস্থ্য সেবাও ব্যহত হচ্ছে অভিযোগ গ্রামবাসীর।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে অনেকে অভিন্ন ভাষায় বলেন, আমরা একাধিক বার বিগত ও বর্তমান ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও এমপি মহোদয়ের নিকট যেতে যেতে নিজেদের পায়ের জুতা-স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলেছি। কেউ কোন কর্ণপাত করেনি বা সু নজর দেয়নি। ভোট সামনে এলেই একাধিক নেতা আসে আর প্রতিশ্রুতির বুলি দিয়ে চলে যায়; কেউ কথা রাখেনি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সোনার বাংলাদেশ গড়তে দিন রাত পরিশ্রম করে চলেছেন। এ দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করে যোগাযোগ মাধ্যমকে উন্নত করতে দেশ বিদেশ ছুটে বেড়াচ্ছেন ঠিক সেই সময় উন্নয়ন থেকে অনেক খানি পিছিয়ে পড়ছে জীবননগর উপজেলার এ গ্রামবাসী।
ভুক্তভোগী এলাকাবাসীরা দাবি- অবিলম্বে তাদের চলাচলের ভরসা এই একমাত্র কাঁচা রাস্তাটি দ্রুত পাঁকা করণ করা হোক। এ ব্যাপারে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন ও জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোহা. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের আশু হস্তক্ষেপসহ সুদৃষ্টি কামনা করছেন।
কমেন্ট বক্স