সাহিত্য পরিষদের আসর পদধ্বনি অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৫-০৫-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় জাতীয় কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তীকে উৎসর্গ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্ম জয়ন্তীকে উৎসর্গ করে চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি, স্বরচিত লেখা পাঠ এবং জাতীয় কবির জীবন ও কর্মের ওপর আলোচনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৮৯তম পদধ্বনি আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ পদধ্বনি আসর অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্য সিরাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে চিরায়ত সাহিত্য থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন কবি সুমন চৌধুরী। জাতীয় কবিকে বন্দনা করে স্বরচিত লেখা পাঠ করেন অমিতাভ মীর, হেলাল হোসেন জোয়ার্দ্দার, ডা. কামরুজ্জামান মধু, আনছার আলী, মো. খালেকুজ্জামান, ইদ্রিস ম-ল, মাহির তাজওয়ার প্রমুখ।
জাতীয় কবি নজরুলের জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, অমিতাভ মীর, জাহিদুল ইসলাম, ইদ্রিস ম-ল, সিরাজ উদ্দিন, আনছার আলী প্রমুখ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় কবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, সাম্যের কবি, মানবতার কবি, মহা বিদ্রোহী নজরুল ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, গল্পকার, ঔপন্যাসিক, সঙ্গীত শিল্পী, অভিনেতা ও রাজনীতিবিদ। তিনি বাংলা সাহিত্য, সমাজ, ও সংস্কৃতির ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। বাঙালী মনীষীর এক তুঙ্গীয় নিদর্শন নজরুল। শতবর্ষ পরও মহাবিদ্রোহী নজরুল বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। কবির কর্ম ও জীবনের ওপর গবেষণা ও কবিকে বেশী বেশী পাঠ এবং চর্চা করার মাধ্যমে সামাজিক পরিবর্তন আনার জন্য বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৮৯তম ‘পদধ্বনি’ আসরকে জাতীয় কবির ১১৯তম জন্ম জয়ন্তীতে উৎসর্গ করতে পেরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ অত্যন্ত আনন্দ ও গর্ব অনুভব করছে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স