জীবননগরে প্রেমিক জুটির আত্মহত্যার চেষ্টা : পুলিশি হস্তক্ষেপে ব্যর্থ
- আপলোড তারিখঃ
২১-০৫-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগরে এক অসম প্রেমিক জুঁটি বাড়ী থেকে পালিয়ে এসে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। পরে পুলিশি হস্তক্ষেপে তা ব্যর্থ হয়েছে। ঘটনাটি গতকাল রবিবার বিকালে জীবননগর উপজেলার খয়েরহুদা-মনোহরপুরগামী সড়কের জঙ্গলের ভিতরে সংঘটিত হয়েছে। প্রেমিক-প্রেমিকার পরিবার তাদের বিয়ের প্রস্তাব মেনে নিতে রাজি না হওয়ায় তারা উভয়ই পরিবারের সদস্যদের ওপর অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছিল।
পুলিশ ও এলাকাবাসী সুত্র জানা গেছে, রবিবার বিকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বলিভদ্রাপুর গ্রামের নুরুজ্জামান খোকনের ছেলে দশম শ্রেণির ছাত্র ইয়াসিন আরাফাত (১৬) ও একই গ্রামের তহিদুল ইসলাম সুমনের কন্যা নবম শ্রেণির ছাত্রী শিউলি পারভিনের (১৫) মধ্যে দীর্ঘদিন যাবত প্রেমজ সম্পর্ক চলে আসছিলো। এক পর্যায়ে তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়নে বাঁধা হয়ে দাঁড়ায় উভয় পরিবারের অভিভাবক। তারা বয়সে অপ্রাপ্ত হওয়ায় গোপনেও বিয়ে করতে ব্যর্থ হওয়ায় দু’জনে আত্মহত্যার পরিকল্পনা করে। এক পর্যায়ে গতকাল তারা বিকালে একটি মোটরসাইকেলযোগে জীবননগর উপজেলার খয়েরহুদা-মনোহরপুর সড়কে পৌছে। সেখানে তারা বিকাল সাড়ে পাঁচটার দিকে সড়কের পার্শ্ববতী জঙ্গলের ভিতরে অবস্থান নেয় এবং বিষপানে আত্মহত্যা করার জন্য তাদের নিকট থাকা কীটনাশক, দানাদার কোমল পানীয় স্প্রিট ক্যানের ভিতরে মিশিয়ে খাওয়ার পরিকল্পনা করে। এসময় বিষয়টি জীবননগর থানার এসআই আনিসুর রহমানসহ তার সাথে থাকা পুলিশ সদস্যদের চোখে পড়ে। জঙ্গলের ভিতরে একটি ছেলে ও একটি মেয়ের অবস্থান বিষয়টি পুলিশকে ভাবিয়ে তোলে। পুলিশ তাদেরকে সেখানে থাকার ব্যাপারটি জানতে চাইলে তারা পুলিশের নিকট অকপটে স্বীকার করে যে তারা প্রেমিক জুঁটি বিয়েতে ব্যর্থ হয়ে সেখানে আত্মহত্যার জন্য অবস্থান করছে। পুলিশ তাদের এ ধরণের বক্তব্যে হতবাক হয়ে পড়েন এবং তাদেরকে উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে নিয়ে তারা বিষপান করেছে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাদেরকে থানায় নিয়ে যান। প্রেমিক ইয়াসিন আরাফাত ও প্রেমিকা শিউলির দাবি তাদের প্রেমজ সম্পর্ক দীর্ঘ চার বছর ধরে চলে আসলেও উভয়পক্ষের অভিভাবকদের মধ্যে ব্যাপারটি সম্প্রতি জানাজানি হয়। কিন্তু পিতামাতা বিয়েতে অসম্মতি জানান।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, আত্মহত্যা একটি মহাপরাধ। তারা নিজ এলাকা ছেড়ে জীবননগর থানাধীন খয়েরহুদা এলাকায় আত্মহত্যার চেষ্টাকরাকালে তাদেরকে স্থানীয় জনগন আটক করে পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে দুই জনকে হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স