কার্পাসডাঙ্গার আদম ব্যবসায়ী খপ্পরের সর্বশান্ত একটি পরিবার
- আপলোড তারিখঃ
০৫-০৫-২০১৮
ইং
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার আজিজুল বিশ্বাসের ছেলে আদম ব্যবসায়ী পলাশের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে পড়েছে উপজেলার কুড়ুলগাছির একটি পরিবার মর্মে অভিযোগ করেছে পরিবারটি। না খেয়ে দিন পার করছে অসহায় পরিবারটি। অভিযোগে জানা গেছে, উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আনন্দবাজারপাড়ার ফকির মোহাম্মদের ছেলে আনিছুর ৬ মাস আগে আদম ব্যবসায়ী পলাশের মাধ্যমে প্রায় ৬ লাখ টাকার বিনিময়ে সৌদি আরবে যায়। কিন্তু সেখানে সে কাজ না পেয়ে অসহায় জীবনযাপন করছে। এমতাবস্থায় আদম ব্যবসায়ী পলাশ তার কাছে আবারো দেড় লাখ টাকা দাবী করছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়িতে আনিছুরের স্ত্রী শাবানা খাতুন পলাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছে। শাবানা খাতুন সাংবাদিকদের জানান, আদম ব্যবসায়ী পলাশ আমার স্বামীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে গিয়ে তাকে কোন কাজ দেয়নি। আমি বিভিন্ন জায়গায় ঋণ ও সুদের উপর টাকা নিয়ে তাকে বিদেশ পাঠিয়েছে। এখন সে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। আমার চার মেয়ে নিয়ে মহাবিপদে পড়েছি। ঘরে কোন চাল নেই, বাজার করার টাকা নেই। গ্রামের একজন সমাজ সেবক আমাকে ২ বস্তা ধান ও নগদ কিছু টাকা দিয়েছে তাই দিয়ে সংসার চালাচ্ছি। শাবানা আরো অভিযোগ করে বলেন, পলাশের খপ্পরে পড়ে এলাকায় অনেক পরিবার সবকিছু হারিয়ে এখন সর্বশান্ত হয়ে পড়েছে। এবিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি আসাদুর রহমান জানান, আনিছুরের স্ত্রী শাবানা পলাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছে।
কমেন্ট বক্স