চুয়াডাঙ্গার ছেলে মেননের নৈপূণ্যতায় সেমিতে বাংলাদেশ
- আপলোড তারিখঃ
২৫-০৪-২০১৮
ইং
ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ : মালদ্বীপকে বিদায় করে
ক্রীড়া প্রতিবেদক: সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চুয়াডাঙ্গার কৃতি সন্তান রাশেদ খান মেননের দল বাংলাদেশ। এদিনও সেরা ব্লকারের খ্যাতি অর্জন করেছে সে। এদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো মালদ্বীপ।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের শুরুটা দুর্দান্ত করে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ করে বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ সেটে হারিয়ে বাংলাদেশ এই আন্তর্জাতিক আসরে শুভ সূচনা করেছিল। সোমবার দ্বিতীয় ম্যাচে তেমন ঘাম ঝরাতে হয়নি। অনায়াসে জিতেছে। প্রথম সেটে বাংলাদেশের জয় ২৫-১৫ পয়েন্টে। শুরুতে ২-০ পয়েন্টে পিছিয়ে যায় বাংলাদেশ। তারপর ৪-৪ পয়েন্টও হয়েছে। কিন্তু এরপর আর মালদ্বীপ ঘুরে দাঁড়াতে পারেনি। হরোশিত-রাশেদ মেননরা একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে প্রথম সেট জিতে নেয়। দ্বিতীয় সেটেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হরোশিত, কায়সার, রাশেদ মেননরা। জিতে নেয় ২৫-১৫ পয়েন্টে। পরে শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াই করে ২৫-২২ ব্যবধানে জিতে যায় ২০১৬ সালে এই প্রতিযোগিতার সেরা হওয়া বাংলাদেশ। মালদ্বীপ টেকনিক্যালি ও ট্যাকটিকালি কিছুটা দুর্বল ছিল। ব্লক কিংবা অ্যাটাকে তারা স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি। শুরুতে ও মাঝে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও তা ধরে রাখতে পারেনি দ্বীপরাষ্ট্রটি।
জাতীয় দলে পাঁচ বছরের ক্যারিয়ারে প্রথমবার সেরা খেলোয়াড় হয়ে খুব খুশি মোহাম্মদ মহসিন। পরপর আসরের দু’ম্যাচেই সেরা ব্লকারের খেতাব অর্জন করা উচ্ছ্বসিত রাশেদ খান মেননও। তারা ও তাদের দলের অন্যরা আশাবাদী এ আসরের মুকুট তাদেরই।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। আর সেমি-ফাইনালে অন্য দল হিসেবে জায়গা করে নেয়া নেপালের কাছে প্রথম ম্যাচে হেরেছিল মালদ্বীপ। আজ কিরগিজস্থানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। খেলাটি সরাসরি বিটিভি ও জিটিভিতে দেখা যাবে।
কমেন্ট বক্স