রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুক্তিতর্ক ছাড়াই খালেদার বিরুদ্ধে রায় চায় দুদক

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৮ ইং
যুক্তিতর্ক ছাড়াই খালেদার বিরুদ্ধে রায় চায় দুদক
সমীকরণ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামিপক্ষ আদালতকে অসহযোগিতা করছেন- এমন অভিযোগ করে যুক্তিতর্কের শুনানি অসমাপ্ত রেখেই রায়ের তারিখ চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল। নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে স্থাপিত বিশেষ আদালতে গতকাল এ মামলার রায়ের তারিখ ধার্যের আবেদন করেন তিনি। আবেদনটি গ্রহণ করে এর ওপর আদেশের জন্য রোববার (৩০শে সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। একই সঙ্গে এই মামলায় খালেদা জিয়া ও মনিরুল ইসলাম খানের জামিন বর্ধিত করেছেন বিচারক। গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। মনিরুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মো. আখতারুজ্জামান। জিয়া চ্যরিটেবল ট্রাস্ট মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে রয়েছে। চলতি বছরের ৩০শে জানুয়ারি প্রসিকিউশনপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল। পরে আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে গত ফেব্রুয়ারিতে যুক্তিতর্কের আংশিক শুনানি করেন আইনজীবী আমিনুল ইসলাম। এরপর আর এ মামলায় যুক্তিতর্কের শুনানি হয়নি। গত ২০শে সেপ্টেম্বর এক আদেশে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ চলবে বলে আদেশ দেন এই আদালতের বিচারক। পরে ২৪শে সেপ্টেম্বর আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের পক্ষে তাদের আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানান। অনাস্থা জানানোর পরই জিয়াউল ইসলাম মুন্নার অন্তর্র্বতীকালীন জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের ভেতরে প্রশাসনিক ভবনের একটি কক্ষে স্থাপিত বিশেষ আদালতে চলছে। গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদ-ের রায় হওয়ার পর থেকে খালেদা জিয়াকে রাখা হয়েছে পরিত্যক্ত এই কারাগারে। গতকাল সকাল ১১টা ১০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার জামিন বর্ধিতকরণ ও তার অনুপস্থিতিতে বিচারের আদেশের বিষয়টি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া হবে উল্লেখ করে শুনানি মুলতবির আবেদন করেন। সানাউল্লা মিয়া বলেন, ‘খালেদা জিয়ার মামলা পরিচালনা করেন তার সিনিয়র আইনজীবীরা। এই মামলায় খালেদা জিয়ার দুই সিনিয়র আইনজীবী আব্দুর রেজাক খানের নামে ১০টি এবং খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা দেয়া হয়েছে। রেজাক খান অসুস্থ। এসব কারণে তাঁরা আদালতে আসতে পারছেন না। আমরা শুনানি মুলতবি চাই।’ একই সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরাসরি একটি আদেশ দেয়ার আর্জি জানান সানাউল্লা মিয়া। শুনানিতে মাসুদ আহমেদ তালুকদার আদালতের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। কিন্তু এ মামলায় যে বিষয়গুলো সামনে এসেছে আপনি সময় দিলে সে বিষয়গুলোর সমাধান আশা করি হয়ে যাবে। খালেদা জিয়াও আমাদের জানিয়েছেন সুস্থ হয়েই তিনি আদালতে আসবেন। এজন্য আমরা যৌক্তিক সময় চাই।’ শুনানিতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘মামলার এই পরিস্থিতিতিতে যুক্তিতর্কের শুনানির কোনো সুযোগ নেই। ফৌজদারি কার্যবিধির চ্যাপ্টার ২০ অনুযায়ী এই মামলায় যুক্তিতর্কের শুনানি উপস্থাপনের সুযোগ না থাকলেও আসামিপক্ষকে সে সুযোগ দেয়া হয়েছে। কিন্তু তাঁরা যুক্তিতর্কের শুনানি করছেন না।’ তিনি বলেন, ‘মামলার রেকর্ডে যা আছে তা দেখেই তো রায় হবে। আসামিপক্ষ যুক্তিতর্ক প্রদর্শন করলো কি করলো না তাতে কিছু যায় আসে না। এই মামলায় যুক্তিতর্ক নিয়ে যে বিতর্ক হচ্ছে সেটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’ খালেদা জিয়া ও মনিরুল ইসলাম খানের জামিন বৃদ্ধির বিষয়ে আপত্তি জানান দুদকের আইনজীবী। তিনি বলেন, ‘খালেদা জিয়া এখন কাস্টডিতে আছেন। এখন তার জামিনের মেয়াদ বৃদ্ধি মানেই তাকে আরো সুযোগ দেয়া।’ আসামিপক্ষের আইনজীবীরা ‘একগুয়েমি’ আচরণ করছেন অভিযোগ করে মোশাররফ হোসেন কাজল বলেন, ‘আসামিপক্ষ আদালতকে সহযোগিতা করছে না। বাইরের পরামর্শে ষড়যন্ত্র হচ্ছে। মামলার কার্যক্রম বিঘ্নিত ও বাধাগ্রস্ত করছে তারা। তাই ন্যায়বিচারের স্বার্থে আপনি তাদের জামিন বর্ধিত না করে রায়ের তারিখ ধার্য করেন।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত