রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কলেজপাড়ায় রহস্যময় প্রাণির আক্রমণ

এক রাতেই খামারির ৬০টি মুরগির মৃত্যু
  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২৬ ইং
আলমডাঙ্গার কলেজপাড়ায় রহস্যময় প্রাণির আক্রমণ

আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় গভীর রাতে রহস্যময় প্রাণির আক্রমণে একটি খামারের প্রায় ৬০টি মুরগি মারা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে কলেজপাড়া এলাকার বাসিন্দা মো. গোলাম মোস্তফার বাড়িতে।


ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে কোনো এক হিংস্র প্রাণী মুরগির ঘরের নেট কেটে ভেতরে প্রবেশ করে একে একে মুরগিগুলোকে আক্রমণ করে হত্যা করে। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে মুরগির ঘরে গিয়ে অসংখ্য মৃত মুরগি পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। এতে খামারির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


এলাকাবাসীর ধারণা, দলবদ্ধ কুকুরের আক্রমণেই এ ঘটনা ঘটতে পারে। সম্প্রতি আলমডাঙ্গা পৌর এলাকায় কুকুরের উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিভিন্ন পাড়া-মহল্লায় দলবদ্ধ কুকুরকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এরই মধ্যে কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।


স্থানীয়রা জানান, প্রতিবছর পৌরসভার উদ্যোগে পাগলা কুকুর নিয়ন্ত্রণ বা নিধন কার্যক্রম পরিচালিত হলেও গত দেড় বছরে এ ধরনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে কুকুরের সংখ্যা ও উৎপাত দুটোই বেড়েছে বলে তারা মনে করছেন।


এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে পৌর এলাকায় কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার কলেজপাড়ায় রহস্যময় প্রাণির আক্রমণ