মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাখো ভোটের ব্যবধানে লাঙলের জয়

  • আপলোড তারিখঃ ২২-১২-২০১৭ ইং
লাখো ভোটের ব্যবধানে লাঙলের জয়
গণতন্ত্রের বিজয় হয়েছে: আ.লীগ ॥ নিরপেক্ষ নির্বাচন হয়নি : বিএনপি ডেস্ক রিপোর্ট: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের নতুন মেয়র হয়েছেন লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাাফিজার রহমান মোস্তফা। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত ১৯৩ কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফল অনুযায়ী তার প্রাপ্ত ভোট ১,৬০,৪৮৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র শরফ উদ্দিন ঝন্টু পেয়েছেন ৬২,৪০০ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫,১৩৬ ভোট। শহরের কাছারিবাজার এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক বেসরকারি এই ফল ঘোষণা করছেন রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেন্দ্রের বেসরকারি ফল জানানোর মাধ্যমে এই নির্বাচনের ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার। রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পর এ বছর দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচন হচ্ছে। তবে দলীয় প্রতীকে ভোটগ্রহণ হচ্ছে এই প্রথম। এর আগে, ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। এ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী ভোটার এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এই নির্বাচনে একমাত্র বেগম রোকেয়া সরকারি কলেজে ইভিএমের সাহায্যে ভোট নেওয়া হয়েছে। এদিকে, প্রধান নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) সন্তুষ্ট। এ নির্বাচনে ভোটাররা দিনভর উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। রংপুর সিটির ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার এবং স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। এ ধরনের সুষ্ঠু ভোটগ্রহণে আমি সন্তুষ্ট। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী দলকে আগাম অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি আওয়ামী লীগের নির্বাচনী পরাজয় হলেও রাজনীতির বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন। এদিন অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা চলাকালে এমন প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই সময় পর্যন্ত সবগুলো ভোটকেন্দ্রের ভোট গণনা শেষ না হলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টুর পরাজয় এবং জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। এমন প্রেক্ষাপটে ওবায়দুল কাদের ক্ষমতাসীন দলের পক্ষে ওই প্রতিক্রিয়া জানান। অন্যদিকে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের পক্ষ ও প্রার্থী কাওসার জামান বাবলার বরাত দিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়পল্টনে অবস্থিত বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বলেছিলাম- রংপুর সিটি কর্পোরেশনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ইসির ভূমিকা রহস্যজনক। নির্বাচন কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিচ্ছে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা।


কমেন্ট বক্স