চুয়াডাঙ্গায় সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী চুয়াডাঙ্গার সভাপতি নজির আহমেদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান খাঁন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কৃতি একটি জাতির পরিচয় ও ঐতিহ্যের ধারক। সুন্দর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ৩২ বছর ধরে সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে যে অবদান রেখে চলেছে, তা প্রশংসনীয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বাঙালির নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে হবে। সুস্থ সাংস্কৃতিক চর্চা মানুষকে মানবিক ও সৃজনশীল করে তোলে।
তাঁরা আরও বলেন, বর্তমানে নতুন প্রজন্মের মধ্যে মোবাইল ও প্রযুক্তিনির্ভরতা বাড়ছে। এ পরিস্থিতিতে তাদের সাহিত্য, সংগীত, নাটক, আবৃত্তি ও শিল্পচর্চায় আগ্রহী করে তুলতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মাদক, সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা সম্ভব।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা সীমাবদ্ধতার মধ্যেও সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী চুয়াডাঙ্গার সাংস্কৃতিক বিকাশে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও সাংস্কৃতিক চর্চার প্রসার, নতুন শিল্পী তৈরি এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন, জেলা শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, শহর বাউল একাডেমির সভাপতি নোয়াব আলী শাহ, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা সংসদের সাধারণ সম্পাদক আদিল হোসেন, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।
এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক