সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চেক ডিজঅনারের চার মামলায় চারজনের এক বছর করে কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় চেক ডিজঅনারের চার মামলায় চারজনের এক বছর করে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় চেক ডিজঅনারের (এনআই অ্যাক্ট) চারটি পৃথক মামলায় চারজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৩ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীর আদালত এ রায় ঘোষণা করেন।


সাজাপ্রাপ্ত চারজন হলেন- দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের হাসিবুল, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাগানপাড়ার মুসলিমা খাতুন, দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের রোকনুজ্জামান আশা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের আরিফা খাতুন। এনআই অ্যাক্ট-১৮৮১-এর ১৩৮(১) ধারায় দায়ের করা পৃথক মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। পাশাপাশি হাসিবুলকে ৯০ হাজার, মুসলিমা খাতুনকে ৩০ হাজার ৮৫, রোকনুজ্জামান আশাকে ১ লাখ ২৭ হাজার ৬৪৭ এবং আরিফা খাতুনকে ৮৩ হাজার ৩৬০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। চার আসামিই পলাতক রয়েছেন।


মামলার বিবরণে জানা যায়, চার আসামি বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণের পর আংশিক টাকা পরিশোধ করেন। পরবর্তী সময়ে বকেয়া টাকা পরিশোধের জন্য নিজ নিজ ব্যাংক হিসাবের চেক প্রদান করলেও সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেওয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে চেকগুলো ডিজঅনার হয়। পরে তাঁদের আইনি নোটিশ পাঠানো হলেও পাওনা টাকা পরিশোধ না করায় সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষ পৃথক মামলা দায়ের করে।


মামলাগুলোর মধ্যে হাসিবুলের বিরুদ্ধে আর্স বাংলাদেশ, মুসলিমা খাতুন ও আরিফা খাতুনের বিরুদ্ধে জাগরণী চক্র ফাউন্ডেশন এবং রোকনুজ্জামান আশার বিরুদ্ধে একটি এনজিওর পক্ষ থেকে মামলা করা হয়।



কমেন্ট বক্স
notebook

গাংনীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার