রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদার, কৃষকদের মাঝে সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শুরুতে আগের সভার কার্যবিবরণী উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।


সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জেলা শহরের বিভিন্ন স্থানে মশা নিধনে ফগিং কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অভিভাবক সমাবেশ আয়োজনের আহ্বান জানানো হয়।


বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ আয়োজন এবং ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি শুক্রবার জুমার নামাজের সময় মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার নিশ্চিত করতে মহিলা বিষয়ক অধিদপ্তরকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। কৃষকদের কাছে নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও তিথি মিত্র বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে অপরাধ, মাদক, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।


তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
ইউএনও আরও বলেন, কোনো এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। গুজব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।


সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ আসিফ হায়দার, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেন, সদর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মনি, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিলন হোসেন এবং রাহেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।



কমেন্ট বক্স
notebook

সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান