কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির সুযোগ তৈরি এবং কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে বাজার সংযোগ গড়ে তোলার লক্ষ্যে দামুড়হুদা কৃষি হাটের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টার দিকে দামুড়হুদা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি হাটের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার সেক্রেটারি আবেদ উদদৌলা (টিটন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম এবং দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জালাল উদ্দিন, হাজী মো. আমজাদ হোসেন ও চুয়াডাঙ্গার কৃষি বিপণন অফিসার রেজাউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম এবং দামুড়হুদা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দামুড়হুদায় কৃষকদের উৎপাদিত ধান বিক্রির জন্য নির্দিষ্ট কোনো কৃষি হাট নেই। এ কারণে স্থানীয় কৃষকদের ধান বিক্রি করতে জীবননগরে যেতে হয়। এতে তাঁদের অতিরিক্ত খরচ, শ্রম ও সময় ব্যয় হয়। দামুড়হুদায় কৃষি হাট চালু হওয়ায় কৃষকেরা নিজেদের উৎপাদিত পণ্য স্থানীয়ভাবে বিক্রির সুযোগ পাবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে কৃষি হাটের কার্যক্রম পরিচালিত হলে এটি কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির পাশাপাশি কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
দামুড়হুদা বাজার বণিক সমিতি ও স্থানীয় ভূষিমাল ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠান পরিচালনা করেন বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু ও প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম।
প্রতিবেদক দামুড়হুদা