চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। অভিযানে শিল্প লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য তৈরি ও সংরক্ষণ এবং অননুমোদিত রং ব্যবহারের দায়ে মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. ওয়াজেদ আলী স্বপন।
এছাড়া বাসি ও পঁচা খাবার সংরক্ষণ করে খাবার তৈরির দায়ে জসিম হোটেলের মালিক মো. জসিম উদ্দীনকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করা ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে মেসার্স জিহাদ স্টোরের মালিক মো. মফিজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরোপিত মোট ৬০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সমীকরণ প্রতিবেদক