বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুপারকে বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ
  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৬ ইং
সুপারকে বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

যে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় জীবনের দীর্ঘ ৩৪টি বছর কাটিয়েছেন, যাঁর হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ, সেই প্রিয় প্রতিষ্ঠান থেকেই অবশেষে বিদায় নিতে হলো তাঁকে। বিদায়ের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় শিক্ষার্থীদের অশ্রুসিক্ত চোখ আর সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণে আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ।


শ্যামপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আখতারুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার মাদ্রাসা চত্বরে। মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ইমরুল হক।


বিশেষ অতিথি ছিলেন কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ ব্যক্তিত্ব মো. মজিবুর রহমান, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শহিদুল হক, সমাজকর্মী আমানুল হক ওল্টু, মাওলানা ছাদেক আলী, মাওলানা কালিমুল্লাহ, সোহরাব উদ্দিন, হাজী আব্দুল বাতেন ও প্রভাষক আসাদুজ্জামান।


মাদ্রাসার শিক্ষক আহাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক মুসলেম উদ্দিন ও আব্দুল ওয়াহেদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় মিরাজ আলী, বিনা খাতুন ও সাদিয়া আফরোজসহ অনেকে।


বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী সুপার মো. আখতারুজ্জামানের দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। শিক্ষার্থীদের পাঠদান, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ সময় বক্তারা তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।


অনুষ্ঠানে বিদায়ী সুপারকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা