বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপির কানাপুকুর সড়কে ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের অভিযোগ

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৬ ইং
গড়াইটুপির কানাপুকুর সড়কে ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুরের কানাপুকুর এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি দলের বিরুদ্ধে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গড়াইটুপি বাজার থেকে গহেরপুরগামী সড়কের নির্মাণাধীন সেতুর ওপর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, নির্মাণাধীন সেতুর ওপর ইটের খোয়া বোঝাই বস্তা ও লোহার পাত ফেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্বৃত্তরা। এতে গাড়ির গতি কমে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তারা যাত্রীদের জিম্মি করে। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে এই ছিনতাইয়ের ঘটনা। খবর পেয়ে তিতুদহ ক্যাম্প ও দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।


জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত রফিকুল ইসলাম সবের ছেলে সাবেক চেয়ারম্যান আল ইমরান টাইগার মঙ্গলবার রাতে নারীঘটিত একটি বিষয় নিয়ে মাইক্রোবাসে করে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ গ্রামে আসেন। তাঁর সঙ্গে আরও পাঁচজন ছিলেন। সেখানে সালিশ শেষে এক তরুণীকে সঙ্গে নিয়ে তাঁরা নিজ এলাকায় ফিরছিলেন।


পথে গড়াইটুপি ইউনিয়নের গহেরপুরের কানাপুকুর এলাকায় নির্মাণাধীন সেতুর কাছে পৌঁছালে সেতুর ওপর ইটের খোয়া বোঝাই বস্তা ও লোহার পাত পড়ে থাকতে দেখেন তাঁরা। এসময় গাড়ির গতি কমালে হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন তাঁদের ঘিরে ফেলে জিম্মি করে। অভিযোগ অনুযায়ী, সাবেক চেয়ারম্যান আল ইমরান টাইগারের মানিব্যাগে থাকা ৪২ হাজার টাকা, মাইক্রোবাসের অন্য যাত্রীদের কাছ থেকে নগদ টাকা এবং ওই তরুণীর সোনার কানের দুল ও আংটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনার একপর্যায়ে আল ইমরান টাইগার সাবেক তিতুদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেনকে ফোন করেন। পরে আকতার হোসেন ঘটনাস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর প্রাইভেটকারের গতিরোধ করে। এসময় তাঁর সঙ্গে থাকা ভাতিজা আরিফ হোসেনের গলায় দা ধরে তাঁদের কাছ থেকে ৬ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


সাবেক চেয়ারম্যান আল ইমরান টাইগার বলেন, ঘটনাস্থল থেকে বাটিকাডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে মুন্না হোসেনকে দুর্বৃত্তরা তাঁদের পরিচিত বলে মাইক্রোবাসে তুলে দেয়। তাঁকে সামনে নামিয়ে দেওয়ার কথাও বলা হয়।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন। তিনি বলেন, ঘটনাটি ডাকাতি নয়, দস্যুতা হতে পারে। এর নেপথ্যে কিছু ঘটনা রয়েছে। ওই তরুণীকে একজন ছেলে নিয়ে আসার পর পারিবারিক বা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তাঁকে উদ্ধার করে নিয়ে যান কোটচাঁদপুর ও মহেশপুরের লোকজন। সেই রাগ বা ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। যে কারণেই ঘটনাটি ঘটে থাকুক, এর নেপথ্যের বিষয় উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা চলছে।



কমেন্ট বক্স
notebook

তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা